• বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলি, তীব্র উত্তেজনা
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার দুপুরে পানিহাটিতে বিজেপি কর্মীদের মাতৃশক্তি ভরসা কার্ড বিলির ঘটনায় উত্তেজনা ছড়াল। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। খড়দহ থানার পুলিশ আটক বিজেপি কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত, এই কার্ড বিলি নিয়ে কমিশনে আগেই অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি পালটা কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছে।

    দুপুরে পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রানিবাগান এলাকায় বিজেপি কর্মীরা মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছিল। তা দেখে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করেন। দুই পক্ষের বচসায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির এক মহিলা কর্মী সহ বেশ কয়েক জন বিজেপি কর্মীকে আটকে রাখা হয়। প্রসঙ্গত, এদিন বিকেলে খড়দহের সভায় বিজেপির এই কার্ড নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপি এখন বাড়ি বাড়ি ফর্ম পূরণ করাচ্ছে। ভুল করেও তা করবেন না। অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লুটে নেবে। ভোটের পর গ্যাসের দাম ১০০ গুণ বাড়বে। প্রধানমন্ত্রী বলেছিলেন, বছরে ২ কোটি চাকরি দেবেন। কত জনকে দিয়েছেন? উলটে চাকরি চলে গিয়েছে। ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল। ১ টাকাও দেয়নি।’

    স্থানীয় কাউন্সিলার প্রবীর মজুমদার বলেন, নির্বাচনি বিধিভঙ্গ করে ভোটের আগে নগদ টাকার লোভ দেখানো হচ্ছিল। স্থানীয় মানুষ তা রুখে দিয়েছে। বিজেপি নেতা জয় সাহা বলেন, আমরা ইস্তাহারে বলেছি মহিলাদের অ্যাকাউন্টে মাসে তিন হাজার টাকা করে দেব। তা নিয়ে প্রচার চলছে। আমাদের প্রচারে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। কমিশনে অভিযোগ জানাব।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)