• অর্জুনের পদ্মপুকুরে ঘাসফুল ফোটাতে প্রচারে ছক্কা হাঁকাচ্ছেন তৃণমূল প্রার্থী
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • অলকাভ নিয়োগী, ভাটপাড়া: দৃশ্য-১: জীর্ণ দেওয়ালের উপর গেরুয়া রংয়ের ছোট্ট পোস্টার। তাতে বিজেপি প্রার্থী অর্জুনপুত্র পবন সিংয়ের ছবি। তাঁর মাথার উপর নরেন্দ্র মোদি! সেই পোস্টারের ফুট দু’য়েক পাশেই বড়ো সাইজের আরও একটি ব্যানার। সেই ব্যানারের রং অবশ্য নীল। তাতে তৃণমূল প্রার্থী অমিত গুপ্তার ছবি। তাঁর মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    দৃশ্য-২: একই পেরেক, একই বারান্দার গ্রিল। তবে, সেখানে দড়ির সংখ্যা দু’টি। একটি দড়িতে ঝুলছে সারি সারি পদ্মফুলের পতাকা। অন্য দড়িতে ঝুলছে সারি সারি ঘাসফুল!

    দৃশ্য-৩: বিজেপি প্রার্থীর ব্যানারে তির-ধনুক হাতে শ্রীরামচন্দ্রের ছবি। পাশে তৃণমূল প্রার্থীর ব্যানারেও একই সাজে জ্বলজ্বল করছেন শ্রীরামচন্দ্র!

    কোনও বিক্ষিপ্ত জায়গা নয়। এবারের নির্বাচনে ভাটপাড়ার পদ্মপুকুরে এমনই ছবি চোখে পড়ল। এই চিত্র এলাকার মানুষের কাছে অপরিচিত। স্থানীয়দের কথায়, যে কোনো নির্বাচন হলেই গেরুয়া পতাকায় ছেয়ে যায় চারপাশ। এবার ঘাসফুলও উড়ছে। অর্জুন সিংয়ের ভাটপাড়ায় এবার ঘাসফুল ফোটাতে জোরালো টক্কর দিচ্ছে তৃণমূল। বারাকপুর মহকুমায় এই একটিমাত্র আসন এখন বিজেপির দখলে রয়েছে। তৃণমূলের দাবি, এবার ভাটপাড়ায় ফুলের রং বদলাবে। পদ্মের বদলে ফুটবে তিন পাপড়ির ঘাসফুল। তাই গেরুয়া শিবিরের মাথায় এখন দুশ্চিন্তার মেঘ। গড় রক্ষা করতে মরিয়া অর্জুনও।

    তৃণমূলের দাবি, গত বিধানসভা নির্বাচনে বিজেপির পবন সিং ভোট পেয়েছিলেন ৫৭ হাজার ২৪৪টি। তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ পেয়েছিলেন ৪৩ হাজার ৫৫৭টি ভোট। ভাটপাড়া অর্জুনের নিজের গড় হলেও এখানে বিজেপির জয়ের ব্যবধান ছিল মাত্র ১৩ হাজার ৬৮৭ ভোট। ঘাসফুল শিবিরের দাবি, এবার ভাটপাড়ায় পরিবর্তন অনিবার্য। পুরানি বাজারে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা। করজোড়ে এগিয়ে যাচ্ছেন সকলের কাছে। অমিতবাবু বলেন, দেখুন, অর্জুন সিংয়ের ভাটপাড়ায় কোনো উন্নয়ন হয়নি। তাঁর ছেলে গত পাঁচ বছর কী কাজ করেছে? বাস্তবে কেউ কিছু দেখতে পায়নি। তিনি কটাক্ষের সুরে বলেন, ভাটপাড়ায় উন্নয়ন না হলেও শুধু একটি পরিবারের উন্নতি হয়েছে! তা এলাকার বাসিন্দারা ভালো করেই জানেন। তাই এবার ভাটপাড়ায় পদ্ম নয়, ঘাসফুল ফুটবে। শুধু সময়ের অপেক্ষা।

    ভরদুপুরে কাঁকিনাড়া বাজারের সামনে দাঁড়িয়ে। রাস্তার ধারে টোটোয় বাজছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পুরানো রেকর্ডিং। সামনে রাখা থার্মোকলের পদ্মফুল। কী উন্নয়ন হয়েছে, আগামী দিনের দিশা কী? কিছুই নেই সেই ভাষণে! যদিও ভাটপাড়ায় জয় নিয়ে নিশ্চিন্ত অর্জুন সিং। তিনি বলেন, ভাটপাড়ায় ওরা (তৃণমূল) কিছুই করতে পারবে না। জয় নিয়ে ভাবছি না। আমরা গতবারের তুলনায় ভাটপাড়ায় আরও বেশি ভোটে জিতব।
  • Link to this news (বর্তমান)