• গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ধৃত ৩
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। বাইকে চেপে বাড়ি ফেরার পথে আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বাইক থেকে পড়ে যাওয়ায় পর জ্ঞান হারান দিব্যেন্দুবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। আক্রান্ত কর্মী বলেন, আমাদের সভার প্রস্তুতি সেরে বাড়ি ফিরছিলেন। তখনই হামলা হয়। বিজেপি ছাড়া আর কে বা করবে! যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্করের দাবি, এই ঘটনা তৃণমূলের দ্বন্দ্বের ফল। মিথ্যে কথা বলে আমাদের দলের কর্মীদের ফাঁসানো হয়েছে।

    আহত তৃণমূল কর্মীর বাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভোট যত এগিয়ে আসছে, বেশ কিছু জায়গায় ছোটোখাটো অশান্তি লেগেই রয়েছে। বাসন্তীতে বিজেপি তৃণমূলের মধ্যে কখনও প্রচারে বাধা দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছে কখনও আবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও বড়ো ধরনের অশান্তি এড়ানো গিয়েছে। এদিকে, সাগরে তৃণমূলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বারুইপুর পূর্বের উত্তরভাগ,  গোচরণে বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রার্থী। অন্যদিকে, উস্তিতও এসইউসির প্রচারেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  • Link to this news (বর্তমান)