• চুঁচুড়ায় বিজেপির ইস্তাহার ঘিরে তুমুল বিতর্ক, তিনগুণ প্রকল্প রূপায়ণের ঘোষণা দেবাংশুর
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ায় শুরু হয়েছে ১০ বনাম ৩৬-এর যুদ্ধ। সম্প্রতি বিজেপি চুঁচুড়ার জন্য দশ দফা সংকল্প বা পরিকল্পনা ঘোষণা করে ইস্তাহার প্রকাশ করেছে। আর সোমবার তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য ৩৬ দফা প্রতিজ্ঞা দিয়ে ইস্তাহার বের করলেন। রাজনৈতিক মহলের দাবি, দেবাংশু এবং বিজেপির প্রার্থী সুবীর নাগের ইস্তাহারে বেশ খানিকটা মিল আছে। তবে পরিকল্পনা ঘোষণায় যতটা মুন্সিয়ানার পরিচয় তৃণমূল দিয়েছে, ততটা দিতে পারেনি বিজেপি। বিশেষ করে, হুগলিতে বিশ্ববিদ্যালয় স্থাপন ও ব্যান্ডেল স্টেশনে জমা জলের সমস্যা মেটানোর বিজেপির প্রস্তাবনা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কারণ, হুগলিতে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে বহু শিক্ষার্থী পড়াশোনা করেন। আর ব্যান্ডেলে জমা জলের সমস্যা মূলত রেলের কারণে হয় বলে অভিযোগ।

    বিজেপির অন্দরে এই ইস্তাহার নিয়ে ঠাট্টার পরিবেশ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, আমাদের প্রস্তাবনা যাঁরা তৈরি করেছেন, তাঁরা হয়তো জানেনই না যে, হুগলিতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ব্যান্ডেল প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি নেতৃত্ব নিজেদেরই নাক কেটেছে। তাৎপর্যপূর্ণভাবে এনিয়ে প্রার্থী সুবীর নাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় দাবি করেছেন, হুগলিতে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে, সিঙ্গুরে রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় আছে। তখন খানিকটা থমকে গিয়ে গৌতমবাবু বলেন, ওসবকে আমরা বিশ্ববিদ্যালয় মনে করি না। যাদবপুর, প্রেসিডেন্সিকে বিশ্ববিদ্যালয় বলে। আমরা প্রস্তাবনায় বলেছি ঐতিহ্যবাহী মহসিন কলেজকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় গড়ব। তৃণমূল প্রার্থী দেবাংশু ব্যান্ডেল স্টেশন জমা জল নিয়ে বলেন, শুনেছি চুঁচুড়া পুরসভা ও পঞ্চায়েতগুলি বহু বছর ধরে সমস্যা মেটাতে রেলের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু রেল কর্তৃপক্ষ সাড়া দেয়নি। বিজেপি নেতৃত্ব আসলে রাজ্য সরকারের উন্নয়নকে অস্বীকার করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, প্রতিযোগিতা করতে গিয়ে উন্নয়নের খোঁজ রাখছে না। মহসিন কলেজের উন্নতির পক্ষে আমিও থাকব। কিন্তু বিজেপির ইস্তাহার বলছে, তারা হুগলিতে বিশ্ববিদ্যালয় থাকার তথ্যটাই জানে না। ভোট মরশুম মানেই তরজা। প্রস্তাব, পালটা প্রস্তাব। তবে চুঁচুড়ায় প্রার্থীদের প্রস্তাবনা ঘিরে ভিন্ন রকমের সমালোচনার পরিবেশ তৈরি হয়েছে। যা চর্চার পালে তুফান তুলছে। 
  • Link to this news (বর্তমান)