• নাকা চেকিংয়ের বিধি ভেঙে চম্পট, মানিকতলায় উদ্ধার ৫০ লক্ষ টাকার সোনা
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা। রবিবার। আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের উপর নাকা তল্লাশি চালাচ্ছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি)। রুপোলি রঙের একটি চারচাকার গাড়ি দেখে থামাতে যান কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। কিছুটা দূর থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টিম দেখে গতি বাড়ায় গাড়িটা। নাকা চেকিংয়ের জন্য লাগানো পুলিশের গার্ডরেল বিপজ্জনকভাবে কাটিয়ে চম্পট দেয় গাড়িটি। পরে সেটিকে আটক করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা।    

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের আচমকা গতি বাড়ানোর ঘটনায় সন্দেহ হয় উপস্থিত আধিকারিকদের। গাড়ির নম্বর নোট করেন কলকাতা পুলিশের এক কর্মী। ওয়াকি-টকি যন্ত্রের মাধ্যমে সেই নম্বর আশপাশের এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীদের জানিয়ে দেওয়া হয়। সিআইটি রোডের কাছে সেই গাড়িটির সন্ধান পান মানিকতলা থানার পুলিশ। দু’টি ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) ওই চারচাকা ওয়াগন-আর গাড়িটিকে ঘিরে ফেলে। বেলেঘাটা সিআইটি রোডের উপর তল্লাশি শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৫০ লক্ষ টাকার সোনার গয়না। নথিহীন এই বিপুল সোনার গয়না কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

    কলকাতা পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে সিআইটি রোডে আটকানো হলেও ফের পালানোর চেষ্টা করে। কিন্তু, গাড়িটির সামনের রাস্তা আরও দু’টি গাড়ি দিয়ে ব্লক করে দেওয়া হয়। গাড়ির ডিকি পরীক্ষা করা হয়। কেন গতি বাড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে চালক? নির্বাচন কমিশনের এক আধিকারিক তা জানতে চাইলে চালক বলেন, ‘ট্রাফিক বিধি ভঙ্গের ফাইন থেকে বাঁচতেই পালিয়েছিলাম’। গাড়ির ডিকি সার্চ করে কিছু পাননি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর গাড়ি গ্লাভবক্স ও সামনের দুই সিটের তলা থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়। সেখান থেকে মেলে প্রায় ৩৪ ভরি সোনা। এত বিপুল সোনার গয়না কোথা থেকে এল? চালক বলেন, তিনি সোনা কিনেছেন। কিন্তু, বিল দেখাতে পারেননি। চোরাই সোনা হিসাবে তা বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজারদর প্রায় ৫০ লক্ষ টাকা। গোটা উদ্ধারকাজ ভিডিয়োগ্রাফি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভার দায়িত্বপ্রাপ্ত সিভিল অফিসার ও আয়কর দপ্তরের পদস্থ এক আধিকারিক। ভোটপর্বে টানা চেকিংয়ের মাধ্যমে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। পাওয়া গিয়ে সোনাও। কিন্তু এত বিপুল সোনা এর আগে শহর থেকে উদ্ধার হয়নি বলে লালবাজার সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)