নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রধান দুই দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছ থেকে তাদের দাবিগুলির ব্যাপারে ইতিবাচক সাড়া মেলেনি। তাই ভোট বয়কটের ডাক দিল রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সোমবার এক সাংবাদিক বৈঠকে জানান, ডিলারদের দীর্ঘদিনের বিভিন্ন আর্থিক দাবির ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তাঁরা কয়েকদিন আগে চিঠি দেন। ডিলারদের কয়েকটি দাবির ব্যাপারে দুই দলের কী মনোভাব, তা ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়ে কোনো সাড়া কারো কাছ থেকেই মেলেনি। এজন্য ভোট বয়কটের ডাক দিতে তাঁরা বাধ্য হলেন। রাজ্যে রেশন ডিলারের সংখ্যা প্রায় ২১ হাজার। তাঁদের পরিবারের সদস্য এবং ডিলারদের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের কাছেও ভোট বয়কটের অনুরোধ জানিয়েছে এই সংগঠন।
ডিলার সংগঠনের দাবি, কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি ২৫০ টাকা করতে হবে। ই-পস মেশিনের জন্য অতিরিক্ত কমিশন চাই কুইন্টালে ২১ টাকা। এছাড়া ভবিষ্যতে রেশনে খাদ্যের বদলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভরতুকির টাকা প্রদান কিংবা ফুড কুপন চালু করা নিয়েও আপত্তি রয়েছে ডিলার সংগঠনের। তাদের দাবিপূরণের ব্যাপারে সংগঠন আশ্বাস চেয়েছিল। কিন্তু তা মেলেনি বলেই অভিযোগ করেছে সংগঠন। তাই ডিলারদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলেই মত সংগঠনের। আর এজন্যই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে।