অশ্লীল ছবির আদান-প্রদান করে ফাঁদে ফেলে নাবালিকাকে ব্ল্যাকমেল তরুণীর!
বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। সেই সুযোগে প্রতারণার নয়া কৌশল নিল এক তরুণী প্রতারক! সে নাবালিকাকে নিজের ন্যুড ছবি পাঠিয়ে ফাঁদে ফেলে। দাবি করে, ‘আমাকেও এইরকম ছবি পাঠাও। তা না হল পুলিশে কেস করব’। সেই ভয়ে ওই নাবালিকা নিজের ন্যুড ছবি পাঠিয়ে দেয়। সেই ছবি ভাইরাল করার নামে নাবালিকাকে ব্ল্যাকমেল করছে অভিযুক্ত তরুণী! টাকা না দিলে নাবালিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। নাবালিকার পরিবার এ ব্যাপারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সাইবার প্রতারণার সঙ্গে পকসো আইনে মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত।
এর আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে যুবকদের ফাঁদে ফেলার ঘটনা বহু ঘটেছে। কিন্তু, তরুণী প্রতারক মেয়েদের ফাঁদে ফেলছে, এই ঘটনা বেনজির! প্রতারিত নাবালিকার বয়স ১৬। বেশ কিছুদিন ধরে এক তরুণীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল ইনস্টগ্রামে। তরুণী নিজের নামের আগে ‘কুইন’ শব্দ ব্যবহার করেছিল। কিছুদিন আগে হঠাৎ, ওই তরুণীর প্রোফাইল থেকে নাবালিকাকে একটি ন্যুড ছবি পাঠানো হয়। তাতে ভয় পেয়ে যায় নাবালিকা। এখানে শেষ নয়। তরুণী তাকে হুমকি দিয়ে জানায়, সে তার ন্যুড ছবি দেখেছে। তাই এক্ষুণি নাবালিকাকেও যদি ন্যুড ছবি না পাঠায়, তাহলে সে পুলিশের কাছে অভিযোগ জানাবে। পুলিশ গ্রেপ্তার করবে। নাবালিকা ভয় পেয়ে যায়। কী করবে ভেবে না পেয়ে সে তরুণীর পাতা ফাঁদে পা দিয়ে দেয়। সে একটি ন্যুড ছবি পাঠিয়েও দেয়। এরপরই সেই ছবি ভাইরাল করার হুমকি দিয়ে টাকা চায় তরুণী। প্রথমে বিষয়টি বাড়িতে না জানালেও পরে নাবালিকা পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা বুঝতে পারেন, প্রতারকদের ফাঁদে পড়েছে। তারপর পুলিশের দ্বারস্থ হন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ‘কুইনে’র প্রোফাইলের ডিজিটাল তথ্য খতিয়ে দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।