• ভবানীপুরের ফ্লাইং স্কোয়াড টিমের তিন ম্যাজিস্ট্রেট সাসপেন্ড
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ফ্লাইং স্কোয়াড টিমের (এফএসটি) দায়িত্বপ্রাপ্ত তিন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনি আধিকারিক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ভবানীপুরের বিভিন্ন এলাকায় নজরদারির দায়িত্ব ছিল এফএসটি ম্যাজিস্ট্রেট সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দীর। কিন্তু, সেই দায়িত্ব পালন না করে তাঁরা নিজেদের টিম নিয়ে ভবানীপুরের বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। রেজিস্টারে তাঁদের কোনো কাজের তথ্য নেই। বিষয়টি নজরে পড়ে কলকাতা বন্দর ও ভবানীপুর কেন্দ্রের এক্সপেন্ডিচার অবজারভার ডি রণজিৎ কুমারের। এরপরেই সাসপেন্ড করা হয় তিনজনকে। আজ, মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে তাঁদের গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, চার হাজার জামিন অযোগ্য ওয়ারেন্টের তালিকা প্রকাশ করেছে কমিশন। আগামীকালের মধ্যে থানায় আত্মসমর্পণ না করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (বর্তমান)