• ওঁদের সমস্যায় নজর নেই, রাজ্য জুড়েই নোটা–য় ভোটের ডাক তিতিবিরক্ত বাড়িও‍‍লাদের
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • এই সময়: কেউ কথা রাখেনি...। তাই রাজ্যে যত বাড়িওলা আছেন, তাঁদের সবাইকে নোটা–য় ভোট দেওয়ার আবেদন করল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই আবেদন জানানো হয়। সংগঠনের বক্তব্য, বাড়িওলাদের প্রতি নজর নেই কোনও রাজনৈতিক দলের। তাই একমাত্র নোটা–য় ভোট দিলেই রাজনৈতিক দলগুলির টনক নড়বে।

    সংগঠনের অন্যতম নেতা সুকুমার রক্ষিতের বক্তব্য, কলকাতায় সংগঠনের সদস্য প্রায় ছ’হাজার বাড়িওলা। রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যা দশ হাজার। এর বাইরেও রাজ্য জুড়ে অনেক বাড়িওলা রয়েছেন। যাঁদের প্রত্যেকের সমস্যা একই রকম। কোথাও কোথাও বাড়িওলা নিজের সম্পত্তি দখলমুক্ত করতে গিয়ে নিজে অপরাধী হয়ে যাচ্ছেন। এই সমস্যার প্রতি কোনও রাজনৈতিক দল সহানুভূতিশীল নয়। তাঁর কথায়, ‘রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে অনেক আসনে ক্লোজ ফাইট হওয়ার সম্ভাবনা। বাডি়ওলারা নোটা–য় ভোট দিলে কম ব্যবধানের সঙ্কটে ভোটার হিসাবে তাঁদের অবদান কতটা, তা বুঝতে পারবেন সব দলের প্রার্থীরা। পরবর্তী সময়ে তাঁরা বাডি়ওলাদের সমস্যাকে গুরুত্ব দিতে বাধ্য হবেন।’

    সংগঠনের তরফে বাড়িওলাদের সাত দফা দাবির কথা জানানো হয়। যার মধ্যে রয়েছে—১) সম্পত্তির অধিকারে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, ২) সম্পত্তি রক্ষায় পুলিশ ও পুরসভার নিরপেক্ষ ভূমিকা, ৩) পুর–কর আইনের পরিবর্তন, ৪) সম্পত্তি রক্ষায় পুলিশ ও পুরসভার ন্যায্য ভূমিকা, ৫) মামলা সংক্রান্ত দীর্ঘসূত্রতা বন্ধ, ৬) বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে ভাড়ার হার পরিবর্তনের ব্যবস্থা এবং ৭) পুরোনো সংস্কারহীন রেন্ট কন্ট্রোল ব্যবস্থার বিলোপ।

    এই সব দাবি পূরণে কোনও ব্যবস্থা না নেওয়া হলে ভোটের পরে রাজ্য জুড়ে বাড়িওলারা বড় ধরনের আন্দোলন শুরু করবেন বলেও সংগঠনের তরফে জানানো হয়। সংগঠনের একাধিক সদস্যের বক্তব্য, রাজ্য জুড়ে বাড়িওলাদের সম্পত্তি জবরদখলের সমস্যা রয়েছে। খাস কলকাতার শ্যামবাজারে স্থানীয় প্রমোটার চক্র, রাজনৈতিক নেতা এবং পুলিশের যোগাযোগে হেরিটেজ দোকান জবরদখল হয়েছে। তাঁরা জানান, গোটা রাজ্যে এই ধরনের অজস্র নজির রয়েছে।

    তা হলে কি বিধানসভা ভোট বয়কটের ডাক দিচ্ছে বাড়িওলাদের সংগঠন? উত্তরে কলকাতার বাডি়ওলাদের অন্যতম নেতা সুকুমার রক্ষিত বলেন, ‘বয়কট নয়। আমরা নোটা–য় ভোট দিতে বলছি। এই ভোটে আমাদের স্লোগান একটাই—‘বাড়িওলারা বাঁধুন জোট, নোটায় পড়ুক সব ভোট’।

  • Link to this news (এই সময়)