এই সময়: দিন চারেক আগে তাঁর ছেলের বিরুদ্ধে যখন পাঁচ জনকে গাড়ির ধাক্কা মারার অভিযোগ উঠেছিল, মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক প্রীতম লোধিকে বলতে শোনা গিয়েছিল, তাঁর মতো নেতাদের কাছে পরিবার নয়, জনতারই অগ্রাধিকার। তাই জখমদের ন্যায়বিচার পাইয়ে দিতে নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন তিনি। কিন্তু এ বার সেই বিজেপি বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে পুলিশকে অশ্রাব্য গালিগালাজ করতে শোনা গেল!১৬ এপ্রিল প্রীতম লোধির নাম লেখা গাড়ি নিয়েই পাঁচ জনকে ধাক্কা মারার অভিযোগ ওঠে তাঁর ছেলে দীনেশের বিরুদ্ধে।
এই ঘটনায় বয়ান রেকর্ডের জন্য দীনেশকে থানায় ডেকেছিলেন কারেরার এসডিওপি আয়ুষ জাখর। প্রীতমের দাবি, তাঁর ছেলেকে কারেরায় দেখা গেলে ফল ভালো হবে না বলে নাকি শাসিয়েছেন ওই পুলিশ অফিসার! এ দিকে স্থানীয় নির্বাচনে কারেরা থেকে দীনেশ লড়বেন— এমন কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করেন প্রীতম। সেখানে এসডিওপি জাখরকে বিঁধে বিধায়কের মন্তব্য, ‘কারেরার এসডিওপি–র কথা আমি হজম করতে পারছি না। উনি আমার ছেলেকে শাসিয়েছেন। এসডিওপি–কে প্রশ্ন করতে চাই, কারেরা কি তোমার বাবার? আমার ছেলে এখানে আসবে, এখান থেকেই ভোটে লড়বে। তোমার বাবার ক্ষমতা থাকলে আমার ছেলেকে আটকে দেখান!’ এমনকী তাঁর ছেলের বিরুদ্ধে ‘মিথ্যে’ অভিযোগ আনা হলে তিনি ছেড়ে কথা বলবেন না, হুমকি প্রীতমের। তাঁর দাবি, দীনেশ এমন কিছুই করেননি, কংগ্রেস–ই নাকি বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে!
প্রত্যক্ষদর্শীদের বয়ান অবশ্য প্রীতমের বক্তব্যের সঙ্গে মিলছে না। তাঁদের দাবি, কারেরা থানায় বয়ান রেকর্ডের জন্য গিয়েও আস্ফালন দেখাচ্ছিলেন দীনেশ। বাবার যে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলেন, সেটা নিয়েই গিয়েছিলেন থানায়। পুলিশ তাঁর নামে চালান ইস্যু করলেও দীনেশের মধ্যে কোনও অপরাধবোধ দেখা যায়নি বলে দাবি। জখমদের দাবি, মিডিয়ার সামনে বিধায়ক ন্যায়বিচারের কথা বললেও তাঁদের খোঁজ একবারের জন্যও নেননি লোধিরা!