• ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, কম্পন অনুভূত গুয়াহাটিতেও
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • শিশুমৃত্যুতে উত্তপ্ত মণিপুরে এ বার ভূমিকম্পের ধাক্কা।মঙ্গলবার ভোর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। কম্পন অনুভূত হয় অসমের গুয়াহাটিতেও। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ড মণিপুরে হয় এই ভূমিকম্প। মাটির প্রায় ৬২ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং এলাকা।

    মণিপুরে হওয়া ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি ও আশপাশের এলাকাতেও। ভূমিকম্পের কম্পন শুধু গুয়াহাটি নয়, উত্তর-পূর্ব ভারতের আরও বেশ কয়েকটি এলাকায় অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে নাগাল্যান্ড, অসম ও মেঘালয়েও। তার জেরে উত্তর-পূর্ব ভারতের ওই সব রাজ্যের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও কোনও জেলা থেকেই ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

    প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এ ধরনের কম্পন নতুন নয়, তবুও প্রতিটি ঘটনার পরই সতর্কতা জারি করা হয়।

    প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা ৩২ মিনিটে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল এলাকাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩।

  • Link to this news (এই সময়)