তামিলনাড়ুর শিবগঙ্গায় কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের দলীয় কার্যালয় থেকে নগদ ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা বাজেয়াপ্ত করে ফিরছিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মাঝরাস্তায় ওই টাকা লুট করে পালিয়ে গেল ক্ষিপ্ত জনতা।
পুলিশ জানায়, নির্বাচন কমিশন গোপনে খবর পায়, কারাইকুদি এলাকায় কার্তির দলীয় কার্যালয়ে ভোটারদের মধ্যে বিলি করার জন্য কয়েক লক্ষ টাকা নগদ রাখা আছে। সোমবার ওই কার্যালয়ে তল্লাশিতে যায় ফ্লাইং স্কোয়াড। তিনটি ব্যাগে থাকা ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা বাজেয়াপ্ত করেন স্কোয়াডের কর্মীরা। তাঁরা যখন টাকা গুনছেন, সেই সময়ে পালানিয়াপ্পান নামে স্থানীয় এক বাসিন্দা তাঁদের টাকা গোনার ভিডিয়ো রেকর্ড করতে চাপ দিচ্ছিলেন। স্কোয়াডের কর্মীরা তা করতে রাজি হন। ভিডিয়ো করার মাঝেই আচমকা জনা তিরিশ লোক স্কোয়াডের কর্মীদের উপর চড়াও হন এবং সব টাকা লুট করে পালিয়ে যান। সেই সুযোগে নির্বাচন কমিশনের ওই দল যে গাড়িতে রেড করতে গিয়েছিলেন, তার চাবি নিয়ে পালিয়ে যান কেউ। তার ফলে এলাকা থেকে যেতে পারেনি ফ্লাইং স্কোয়াডের কর্মীরা।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের কর্মীদের থেকে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দেবাকোট্টাইয়ের সাব কালেক্টর আয়ূষ ভেঙ্কট ভাটস এবং কারাইকুদির অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার আশিস পুনিয়া। নির্বাচন কমিশনের লোকজনের থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। ফ্লাইং স্কোয়াডের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে পালানিয়াপ্পানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, যারা টাকা লুট করেছে তাদের খোঁজের চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।