এই সময়, পুরুলিয়া ও বাঁকুড়া: রবিবার পুরুলিয়ায় সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার 'ইয়ে মোদী কি গ্যারান্টি হ্যায়' বলেছিলেন। তার পরের দিন সোমবার বলরামপুরের সভা থেকে সেই 'গ্যারান্টি' নিয়েই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, 'মোদীর গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারান্টি লাইফ টাইম ওয়ারেন্টি।'
স্থানীয় কলেজ ময়দানের সভায় তিনি পুরুলিয়ার বেহাল ট্রেন পরিষেবার প্রসঙ্গ তুলে ধরেন। অভিযোগ করেন, বেশিরভাগ ট্রেনই সময়মতো আসে না। উদাহরণ দিয়ে বলেন, ১৮ তারিখে চক্রধরপুর এক্সপ্রেস ৫ ঘণ্টার বেশি দেরিতে পুরুলিয়ায় ঢুকেছে, পুরুলিয়া এক্সপ্রেসও একাধিক দিন দেরিতে পৌঁছেছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের সমস্যা মেটাতে ব্যর্থ- এমন অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, 'যে ট্রেন সময়মতো ঢোকাতে পারে না, সে কী ভাবে মানুষের উন্নয়ন করবে?' প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে লধুড়কার সভা থেকেও জেলার রেল পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন তিনি। পরিস্থিতির উন্নতি না হলে ভোটের পর দিল্লিতে রেলমন্ত্রকের কাছে অভিযোগ জানাতে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানিয়েছিলেন।
বলরামপুর কেন্দ্রের বিদায়ী বিধায়ক বানেশ্বর মাহাতোকে এ বার টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী হয়েছেন জলধর মাহাতো। পদ্ম-প্রার্থীকে নিয়ে কটাক্ষ করে অভিষেক বলেন, 'ঠিক-ভুল জানি না। আমি শুনেছি, এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি নাকি ঘুষ হিসেবে নতুন গাড়ি দিয়ে প্রার্থীপদ নিয়েছেন।'
বলরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে 'ভূমিপুত্র' বলে উল্লেখ করেন অভিষেক। বলেন, 'ধর্মের ভিত্তিতে জয় শ্রীরাম বলে রাজনীতি করে বিজেপি। তাদের বলব, এখানে শান্তি আছে, রাম আছে, শান্তিরাম মাহাতো আছেন। পাঁচ মাস আগে নিজের অর্ধাঙ্গিনীকে হারিয়েও আপনাদের পাশ থেকে সরেননি।'
পুরুলিয়ার সভার পরে এ দিন বাঁকুড়ার রানিবাঁধ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদার সমর্থনে খাতড়ার খড়বন ফুটবল মাঠে জনসভা করেন অভিষেক। সেখানে তিনি কথা দেন, 'ভোটে জিতলে তিন মাসের মধ্যে পুরসভা হবে খাতড়া শহর।' এই বিধানসভা এলাকায় দু'টি হিমঘরের প্রতিশ্রুতিও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। একটি ফল ও আনাজের জন্য, অন্যটি চিংড়ি মাছের জন্য। অভিষেকের সংযোজন, 'রানিবাঁধের ভূমিকন্যা তনুশ্রীকে বিপুল ভোটে জেতান। কথা দিচ্ছি, রানিবাঁধের সার্বিক উন্নয়নের জন্য আমি থাকব।' রানিবাঁধের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন অভিষেক। বলেন, 'বিজেপির প্রার্থী আবার হারতে চলেছেন।'