‘আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ’, সতর্ক করল তৃণমূল কংগ্রেস
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৬
বাংলার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনার পারা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ-কে ব্যবহার করে রাজ্যে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। দলের দাবি, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তাঁদের আশঙ্কা, আগামী ১৫০ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের মধ্যেই কোনও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিকে কেন্দ্র করে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তাঁরা।
শশী পাঁজা অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন, তা ব্যাহত করাই এই চেষ্টার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাংলার মানুষকে সতর্ক থাকা প্রয়োজন, কারণ পরিস্থিতি যে কোনও সময় উত্তপ্ত হতে পারে।
তৃণমূল কংগ্রেসের আরও দাবি, একজন নেত্রীকে পরাস্ত করতে কেন্দ্রের একাধিক শক্তিকে একত্র করা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সংস্থা এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় করা হয়েছে। সব মিলিয়ে, এই পরিস্থিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।