• ‘আমি তো ক্রিমিনাল নই’, রাহুলের মৃত্যুর ২৩ দিন পরে মুখ খুললেন শ্বেতা
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • আরাত্রিকা দে

    মাঝে তিন সপ্তাহের বেশি কেটে গিয়েছে। তবে ২৯ মার্চ ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে মাঝে একবারও জানা যায়নি তিনি কেমন আছেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। তালসারির সমুদ্রে শুটিং করার মাঝে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে তলিয়ে গিয়ে মৃত্যুর সময়ে তাঁর সঙ্গে শুটিং করছিলেন যিনি।

    অভিনেতার মৃত্যুর পরে ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। যেখানে হাসপাতালের বাইরে বিস্ময়ের ঘোর নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল শ্বেতাকে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘রাহুলদা ঠিক আছে তো? আমি আর রাহুলদা তো আধ ঘণ্টা আগেও শুটিং করছিলাম। আমিও জলে পড়ে গেলাম। আমি তো ঠিক আছি। রাহুলদা ঠিক আছে তো? আমি কথা বলব, আমাকে যেতে দিচ্ছে না।’

    ঘটনার কয়েক দিনের মাথায় অভিনেত্রীর বোন সালনি মিশ্র সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘সকলের কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, দয়া করে ভিডিয়োটি ফরওয়ার্ড বা সার্কুলেট করা বন্ধ করুন। আর আমার বোনকে প্রয়োজনীয় স্পেস এবং সম্মানটা দিন।’ এর পরে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এ দিনও একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পরে ফের আলোচনায় উঠে আসে শ্বেতার নাম। ফেসবুকে শ্বেতা মিশ্র নামের একটি প্রোফাইল থেকে অভিনেত্রীর কয়েকটি ছবি পোস্ট করা হয়। যদিও শ্বেতা জানান, ওই প্রোফাইলটি তাঁর নয়। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ওই ঘটনার পর থেকে মাঝে কোথাও কিছু লেখেননি বা জানাননি তিনি।

    ফেসবুকের পোস্টটি নিয়ে জানতে চাওয়া হলে রীতিমতো অস্থির গলায় তাঁর জবাব, ‘আমি কোথাও কিছু পোস্ট করিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তো দূরের কথা। ইনস্টাগ্রামে আমার প্রোফাইল রয়েছে। অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার কোনও প্রোফাইল নেই। আর কোথাও কিছু পোস্ট হয়ে থাকলে, সেটা হয়তো আমার ফ্যান পেজ থেকে করা হয়েছে। তার দায়ও কি আমার? আমি ২৯ মার্চের পর থেকে সোশ্যালে কোথাও কিছু লিখিনি বা বলিনি।’

    এক নিঃশ্বাসে কথাগুলো বলার পরে কিছুটা থমকে শ্বেতা জোড়েন, ‘ঘটনার পর থেকে আমাকে এক মুহূর্তের জন্য কেউ রাস্তায় বেরোতে পর্যন্ত দেখেননি। কেউ আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। সবাই আমাকে অস্থির করে তুলছেন। একজনকে এ ভাবে সবাই দোষারোপ করে গেলে আমি কবে আবার স্বাভাবিক হতে পারব জানি না। কিন্তু এই দুর্ঘটনায় আমার অপরাধটা কোথায়? আমি তো ক্রিমিনাল নই।’ তবে কে বা কারা তাঁকে বাড়ি থেকে বেরোতে বা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে আটকাচ্ছেন, তা নিয়ে অবশ্য কিছু বলতে চাইলেন না অভিনেত্রী।

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। যে ধারাবাহিকের কাজ করতে গিয়ে তাঁকে অকালে প্রাণ হারাতে হয়েছে, সেই সিরিয়ালের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। নিরাপত্তার গাফিলতি নিয়ে ইন্ডাস্ট্রিতে দফায়-দফায় বৈঠকও হয়েছে। প্রিয়াঙ্কা সরকারের করা এফআইআরের ভিত্তিতে পুলিশি তদন্তও চলেছে। তবে মাঝের এই পুরো সময়ে একবারও সামনে আসতে দেখা যায়নি অভিনেত্রী শ্বেতা মিশ্রকে। এমনকী রাহুলের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। তা নিয়ে অবশ্য সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। বিভিন্ন বিরূপ মন্তব্য ধেয়ে এসেছে একাধিকবার। তৈরি হওয়া পরিস্থিতিতে শ্বেতা কেমন আছেন সেটা জানতে মাঝে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও অভিনেত্রীর ফোন বেজে গিয়েছিল বারবার। মেসেজের-ও উত্তর দেননি তিনি। শেষমেশ যখন তিনি মুখ খুললেন, স্পষ্ট হয়ে উঠল এখনও ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি তিনি। শ্বেতা বললেন, ‘আমি এখনও খুব অসুস্থ। আমি জানি, আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কিন্তু সেটা হয়েই উঠছে না। বুঝতে পারছি এই ঘটনা থেকে বেরিয়ে আসতে আমার অনেকটা সময় লাগবে। এর মাঝে ভেবেছি, এ ভাবে বিষয়গুলো চলতে থাকলে হয়তো ক’দিনের মধ্যে শহর ছেড়ে চলেই যাব। ক্রমাগত আক্রমণে পুরো বিষয়টা আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে।’
  • Link to this news (এই সময়)