• বেড়ানোতেও নির্বাচনী বিধির কাঁটা! বিকেলের মধ্যে পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
  • রাজ্যে ভোটের সময় ঘোরাফেরাতেও বিধিনিষেধ! মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটনস্থলগুলি ছেড়ে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ, বাইরের কোনও রাজনৈতিক নেতা-কর্মী থাকতে পারবেন না দিঘা-সহ সেখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে। প্রথম দফা নির্বাচন পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই বিধি জারি থাকবে। তার ভিত্তিতে হোটেলগুলিও জানিয়ে দিয়েছে যে ২১ তারিখ বিকেল থেকে ২৩ পর্যন্ত সেখানকার হোটেল, গেস্ট হাউসগুলিতে বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না।

    ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৫২ টি আসনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন। এখানকার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর-সহ সবকটি জনপ্রিয় পর্যটন স্থল। সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এখন ভোটের মরশুমে এই পর্যটনে রাশ টানল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আগামী ২৩ এপ্রিল, প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিঘা, মন্দারমণি-সহ ট্যুরিস্ট স্পটগুলিতে ভিন জেলার বাসিন্দা কেউ হোটেলে থাকতে পারবেন না। থাকতে দেওয়া হবে না কোনও রাজনৈতিক দলের প্রচারককেও। নিয়ম লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

    কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারির পর সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এসব স্থান ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে। কমিশন সূত্রে খবর, পর্যটকদের আড়ালে যদি জেলায় বহিরাগতরা ঢুকে অশান্তিতে উসকানি দেয়, সেই আশঙ্কায় পর্যটকদেরও ফিরে যেতে বলা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)