• জমজমাট সিউড়ি, এ বার চার ভূমিপুত্রের জোর টক্কর
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • হেমাভ সেনগুপ্ত, সিউড়ি

    বিধানসভা ভোটের ঘণ্টা বাজার পরেই রাজ্যের অন্য কেন্দ্রগুলির মতোই জোর প্রস্তুতি চলেছে বীরভূমের সদর সিউড়ি জুড়ে। প্রার্থিতালিকা ঘোষণার পরে দেখা গিয়েছে, সিউড়ি কেন্দ্রে জোর টক্কর চার ভূমিপুত্রের। তৃণমূল ও বিজেপি যেমন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে, তেমনই সিপিএম ও কংগ্রেস বেছে নিয়েছে মতিউর রহমান এবং সঞ্জয় অধিকারীকে। ২০২৬-এর নির্বাচনে রাজ্যের শাসকদল টিকিটই দেয়নি ২০২১-এর জয়ী প্রার্থী ও বিদায়ী বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাঁর জমি ধরে রাখার দায়িত্ব এখন উজ্জ্বলের কাঁধে, যিনি আবার সিউড়ি পুরসভার চেয়ারম্যান। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে সাত হাজারের কিছু বেশি ভোটে পরাজিত হলেও জগন্নাথেই আস্থা রেখেছে গেরুয়া শিবির। এই শহরেই তাঁর বেড়ে ওঠা। কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। পাশাপাশি তিনি বিজেপির রাজ্য সহ-সভাপতিও। গত ৯ এপ্রিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিউড়িতে নির্বাচনী সভা করে গিয়েছেন। বোঝাই যাচ্ছে, তৃণমূলের থেকে এই সিট ছিনিয়ে নিতে বদ্ধপরিকর পদ্ম-শিবির। উল্টো দিকে, উজ্জ্বল শাসকদলের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কি না, নজর থাকবে সে দিকেও।

    বামপ্রার্থী মতিউর রহমানের সঙ্গেও নাড়ির টান সিউড়ির। প্রথমে এসএফআই, পরে যুব আন্দোলন থেকে উঠে এসেছেন। ছিলেন ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক। হাত শিবির আবার বেছে নিয়েছে তাদের রাজ্য সংগঠনের সম্পাদক সঞ্জয় অধিকারীকে। তাঁতিপাড়ায় এক বার পঞ্চায়েত ভোটে প্রার্থী ছিলেন কংগ্রেস নেতা। রাজনগরের লাউজোড় গ্রামের ছেলে সঞ্জয়, সিউড়ি কলেজে ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ দিন। সিউড়ির স্থানীয় বাসিন্দার পাশাপাশি তিনি এক জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। নানা প্রলোভনেও কংগ্রেস ছাড়েননি। সব দলের নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক। এ দিকে, উজ্জ্বলের নাম ঘোষণা হতেই আক্রমণ শাণায় বিজেপি। তাঁদের দাবি, 'চোর' ভূমিপুত্রকে নিয়ে লড়াই করায় আগেই ব্যাকফুটে তৃণমূল। যদিও উজ্জ্বলের পাল্টা দাবি, বিজেপির সস্তা ও নোংরা রাজনীতি প্রত্যাখ্যান করবেন সিউড়ির মানুষ। অন্য দিকে, জোরকদমে প্রচারের সঙ্গে সঙ্গে জগন্নাথ আক্রমণ শাণিয়েছেন উজ্জ্বলের উদ্দেশে।

    বিজেপি প্রার্থীর কটাক্ষ, 'তৃণমূল এমন এক জনকে ভূমিপুত্র হিসেবে বেছে নিয়েছে, যিনি সিউড়ি শহরের পুর-পরিষেবা 'লুট' করেছেন। 'হাউস ফর অল ঘোটালা'-র ভূমিপুত্র।' পদ্মপ্রার্থীর দাবি, পুর-পরিষেবার নামে জন্মের শংসাপত্র বিক্রি করার ভূমিপুত্র হলেন উজ্জ্বল। তাই শহরবাসী তাঁকে প্রত্যাখ্যান করবেন। যা শুধু সময়ের অপেক্ষা। উজ্জ্বলের পাল্টা বক্তব্য, 'মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছেন যিনি, তাঁকেই সিউড়ির মানুষ প্রত্যাখান করবেন। মানুষের উন্নয়নের জন্য তৃণমূল পাশে রয়েছে এবং থাকবেও।' সিপিএম-এর মতিউর চান তাঁর দল নিজেদের ভোট পুনরুদ্ধার করুক। তাঁর কথায়, 'ভূমিপুত্র আমাদের কাছে ইস্যু-ই নয়। তৃণমূল-বিজেপি দুটো দলই দুর্নীতিতে যুক্ত।'

    কংগ্রেস প্রার্থী সঞ্জয়ের কথায়, 'ভূমিপুত্রের লড়াই আমাদের কাছে গৌণ। আমাদের কাছে এ বারের লড়াই আদর্শের।'

  • Link to this news (এই সময়)