• পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা, জারি রাজনৈতিক তরজা
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • এই সময়, হাওড়া: ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। রেল সূত্রের খবর, এগুলো ‘সামার স্পেশাল’ হিসেবে চালানো হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা এ বারে ‘অনুরাগের ছোঁয়া’ দিতে আসছেন।’ যদিও তৃণমূলের দাবি, ওঁরা পরিযায়ী শ্রমিক নন, বহিরাগত ভোটার।

    ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রত্যেক ভোটের আগেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফেরেন এবং ভোটের দিন তাঁরা গ্রামের বুথে বুথে ভোট দেওয়ার জন্য ভোর ভোর লাইনে দাঁড়ান। এ বারের বিধানসভা নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সূত্রের খবর, এ বারের ভোটে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছে বিজেপি। বিশেষত উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ–সহ অন্যান্য জেলার পরিযায়ী শ্রমিকদের, যাঁরা দীর্ঘদিন তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লিতে কাজের সূত্রে থাকেন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন। সাঁতরাগাছি, শালিমার এবং হাওড়া স্টেশনে দেখা গেল তাঁরা মাথায় এবং হাতে ব্যাগ নিয়ে ঘরে ফিরছেন।

    এই পরিযায়ী শ্রমিকদের অনেকের আশঙ্কা, ভোট না দিলে তাঁদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তাই ভোটের আগে ঘরে ফিরছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু এই পরিযায়ী শ্রমিকরা কার্যত পেটের দায়ে পরিবার ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, তাই এই শ্রমিকদের বড় অংশ তৃণমূল সরকারের উপরে ক্ষুব্ধ। তাঁরা বাড়ি ফিরে এ বারের ভোটে তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন। বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য শিবপুর মন্দিরতলার জনসভায় বলেন, ‘খুব শীঘ্রই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য ৭১টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরও ট্রেনের ব্যবস্থা করা হবে। এ বারের ভোটে তাঁরা তৃণমূলকে ‘অনুরাগের ছোঁয়া’ দেবেন।’

    তৃণমূলের পক্ষ থেকে অবশ্য পরিযায়ী শ্রমিকদের জন্য উন্নয়ন দাবি করা হয়েছে। পরিযায়ী শ্রমিক বোর্ড চালুর পাশাপাশি, তাঁদের ৫০০০ টাকা করে ভাতার ব্যবস্থা করা হয়েছে। বিদায়ী সরকারের মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায় বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের নামে ভিন রাজ্যের ভোটারদের এখানে আনার চেষ্টা করছে বিজেপি। বিহারে একই কায়দায় ভোট করা হয়েছিল। তবে এটা বিহার নয়, পশ্চিমবঙ্গ। তাই এখানে এসব চেষ্টা কাজে আসবে না।’

  • Link to this news (এই সময়)