• ‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, শাসকদলে যোগ দিয়ে আবেদন হুমায়ুনের চার প্রার্থীর
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • রক্তক্ষরণ অব্যাহত হুমায়ুন কবীরের দলে! ভোটের মুখে আমজনতা উন্নয়ন পার্টির আরও চার প্রার্থী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। শুধু তা-ই নয়, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ না থাকায় তাঁরা ভোটারদের কাছে আবেদন করলেন, ‘আমাদের ভোট দিতে হবে না। তৃণমূলকে ভোট দিন।’

    হুমায়ুনের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে সদ্য যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল, তা নিয়েই ক্ষোভপ্রকাশ করে গত শনিবার দল ছেড়েছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। এ বার হুমায়ুনের সঙ্গত্যাগ করলেন রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদৈত্য দাস ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জুভেদ শেখ। তাঁদের দল ছাড়ার কারণও সেই ভিডিয়ো বিতর্কই। আমজনতা পার্টি সূত্রে খবর, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এখন ও পর্যন্ত হুমায়ুনের ৭০ জন প্রার্থী দল ছেড়েছেন।

    মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের তৃণমূল কার্যালয়ে উপস্থিত হন ওই চার প্রার্থী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীর চক্রান্ত করে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিল। সেটা প্রকাশ্যে চলে আসায় হুমায়ুন কবীরের দল ছেড়ে তৃণমূল যোগ দিলেন চারজন।’

    শাসকদলে যোগ দিয়ে জুভেদ বলেন বলেন, ‘হুমায়ুন কবীর আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম এক হাজার কোটি টাকার ডিল করেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, তখন আমাদের চোখ খুলে গেল। আমরা দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থী পদ প্রত্যাহার করিনি। কিন্তু আমরা সবাইকে বলছি ও লিফলেট বিলি করে জানাচ্ছি, আমাদের ভোট দেবেন না। তৃণমূলকে ভোট দিন।’

  • Link to this news (এই সময়)