• ফুলকপি দিয়েই বাজিমাত? শেষ বেলায় অভিনব কায়দায় ভোটের প্রচারে ইন্দাসের নির্দল প্রার্থী
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে বাঁকুড়ায়। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে আর প্রচার করা যাবে না এলাকায়। ফলে মঙ্গলবারই বাঁকুড়ায় ভোটের প্রচারের শেষ দিন। শেষ দিনে অভিনব ভোটের প্রচার করলেন বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নন্দ মণ্ডল। মঙ্গলবার আকুই সব্জি বাজারে তিনি দলীয় প্রতীক ‘ফুলকপি’ হাতে নিয়ে ভোটের প্রচারে যান।

    নির্দল প্রার্থী এ দিন বাজার ঘুরে ঘুরে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন। তিনি জানিয়েছেন, এলাকার সাধারণ মানুষের সমস্যাগুলিকে গুরুত্ব দিয়েই তিনি ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছেন। এ দিন পথচলতি সাধারণ মানুষের মধ্যে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান।

    হাতে ফুলকপি নিয়ে অভিনব এই প্রচার দেখতে বাজারে বেশ ভিড়ও জমে যায়। বড় বড় রাজনৈতিক দলের বিলাসবহুল প্রচারের ভিড়ে সাধারণ উদ্যোগ বেশ নজর কেড়েছে ভোটারদের, এমনই দাবি নির্দল প্রার্থীর। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ফুলকপি প্রতীক নিয়ে নির্দল প্রার্থীর এই কৌশল ভোটবাক্সে ইতিবাচক ফল দিতে পারে। প্রচার শেষ হওয়ার আগে প্রতিটি মানুষের কাছে পৌঁছনোই তাঁর প্রধান লক্ষ্য ছিল। এখন দেখার নির্দল প্রার্থীর ভোটের প্রচার ভোট বাক্সে আদৌ কোনও প্রভাব ফেলে কি না।

  • Link to this news (এই সময়)