• বায়ুসেনার কপ্টারে চড়ে জেলা পরিদর্শনে CEO, রাজ্যে আসছে আরও তিন...
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • ‘হেলিকপ্টার হেলিকপ্টার, নেতা আসছেন নেতা আসছেন!’

    কবীর সুমন লিখেছিলেন ১৯৯১ সালে। সময় বদলেছে। এখন শুধু নেতারাই নন, ভোটের সময়ে কপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও! সোমবার সকাল-বিকেল উত্তরবঙ্গের তিন জেলায় এই ভাবেই নির্বাচনী প্রস্তুতি এবং পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন সিইও মনোজ আগরওয়াল। মঙ্গলেও তিনি একের পর এক জেলায় যাচ্ছেন আকাশপথে। চড়়ছেন বায়ুসেনার কপ্টার, যেটি ওড়ানোর দায়িত্বে রয়েছেন উইং কম্যান্ডার প্রদীপ এ হরিহরণ।

    যদিও এই দৃশ্য এ রাজ্যে নজিরবিহীন নয়। অতীতেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা দুর্গম এলাকার ভোট-পরিস্থিতি খতিয়ে দেখতে কপ্টারেই যাতাযাত করেছেন। কিন্তু মনোজের ক্ষেত্রে তা শুধু দুর্গম এলাকা বলে নয়, সময় বাঁচাতে সোমবার থেকে সবত্রই কপ্টারে চড়ে যাচ্ছেন তিনি। এতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভালো ভাবে বৈঠক করার সময়ও পাওয়া যাচ্ছে। কমিশন সূত্রে খবর, মনোজই প্রথম সিইও, যিনি বায়ুসেনার কপ্টার ব্যবহার করছেন। তাঁর জন্য কেন্দ্রের তরফে আরও তিন কপ্টার পাঠানো হচ্ছে বলেও সূত্রের দাবি।

    মঙ্গলবার কোচবিহার থেকে আকাশপথে পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যান সিইও। কুইকোটার হেলিপ্যাডে নেমেছে তাঁর কপ্টার। তার পর সেখান থেকে সড়কপথে শহরে পৌঁছন মনোজ। সেখানে সিপাইবাজার এলাকায় গিয়ে বুথ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। কমিশন সূত্রে খবর, ভোট পরিস্থিতি খতিয়ে দেখে বিকেলেই কলকাতায় ফিরে আসার কথা মনোজের।

    প্রসঙ্গত, ২০০৬ সালে তৎকালীন সিইও দেবাশিস সেন মালদা ও মুর্শিদাবাদের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। যদিও মালদা থেকে কলকাতা ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুর্শিদাবাদে জরুরি অবতরণ করানো হয়েছিল তাঁর হেলিকপ্টার। দু’দশক পর আবার সেই দৃশ্য ফিরল রাজ্যে। নেতানেত্রীদের মতো আকাশে ভাসলেন সিইও-ও!

  • Link to this news (এই সময়)