• দার্জিলিঙে যাওয়ার দুটি রাস্তাই বন্ধ, কোন দিক দিয়ে যাবেন?
    আজ তক | ২১ এপ্রিল ২০২৬
  • Siliguri To Darjeeling New Route: নির্বাচনের গেরা। আর সেই ভোটের হ্যাপায় কার্যত অবরুদ্ধ হতে চলেছে পাহাড়ের জনজীবন। মঙ্গলবার থেকে টানা তিন দিন শিলিগুড়ি-দার্জিলিং যাতায়াতের প্রধান যোগাযোগের দুই রাস্তা ১১০ নম্বর জাতীয় সড়ক (হিলকার্ট রোড) এবং রোহিণী রোডে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে পাহাড়প্রেমী পর্যটক থেকে সাধারণ যাত্রী, সকলকে এখন মিরিক, সুখিয়াপোখরি ও ঘুম হয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হবে। আর এই ‘ঘোরানো পথে’ যাতায়াতের জেরে একধাক্কায় পরিবহণ খরচ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের।

    প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার ভোটগ্রহণের আগে বুধবার থেকেই ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীর যাতায়াত শুরু হবে। তার আগে মঙ্গলবার সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা এবং কার্সিয়াংয়ে বিজিপিএম-এর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পাহাড়ের রাস্তা। যদিও এই বিধিনিষেধ নিয়ে সরাসরি কোনও লিখিত বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের তরফে এখনও সামনে আসেনি, তবে মৌখিকভাবে পর্যটন ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কার অবশ্য জানিয়েছেন, নির্বাচনের মুখে সাধারণ নিয়ম মেনেই কিছু বিধিনিষেধ জারি হয়েছে, তবে জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে।

    এদিকে এই হঠাৎ সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন পর্যটন মহলের কর্তারা। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলেন, ‘ভোটের মরশুমেও বাইরের রাজ্য থেকে বহু পর্যটক পাহাড়ে এসেছেন। ঘুরপথে মিরিক হয়ে যাতায়াত করতে হলে সময় যেমন বেশি লাগবে, তেমনই পর্যটকদের পকেটও খসবে বেশি।’ একই সুর শোনা গিয়েছে দার্জিলিং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস (ডাটা)-র সম্পাদক প্রদীপ লামার গলায়। তাঁর মতে, পর্যটকদের অযথা হয়রানি করা হচ্ছে। সোমবারও জনসভার জেরে রোহিণী রোডে দীর্ঘ যানজটে নাকাল হতে হয়েছে মানুষকে। আগামী তিন দিন এই ভোগান্তি যে আরও চরমে উঠবে, তা নিয়ে সংশয় নেই পাহাড়ের অলিতে-গলিতে।

     
  • Link to this news (আজ তক)