সীমা লঙ্ঘন করলেই…, বছর ডিঙিয়ে পাকিস্তানকে পহেলগাঁও হামলার পরিণতি মনে করাল সেনা
প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
এক বছর আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এর পরেই ‘সিঁদুর’ অভিযানে নাস্তানাবুদ হয় পাকিস্তান। মঙ্গলবার সেকথা মনে করিয়ে দিল ভারতীয় সেনা। সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্টে প্রতিবেশী দেশকে মনে করিয়ে দেওয়া হল— কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। তার পরিণতি হয় ভয়ানক। কার্যত পহেলগাঁওয়ের বর্ষপূর্তিতে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে রাখল সেনা।
এদিন এক্স হ্যান্ডেলে একটি কার্ড পোস্ট করেছে ভারতীয় সেনা। যেখানে রয়েছে অপারেশন সিঁদুরের ছবি। ছবিটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে ভারতের মানচিত্র। কার্ডটিতে কালোর উপরে সিঁদুরে লাল রং ব্যবহার করা হয়েছে। কার্ডের উপরে লেখা হয়েছে— “কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়।” তার ঠিক নিচেই লেখা, “ভারত কখনও ভুলবে না।” এইসঙ্গে পোস্টের ক্য়াপশানে লেখা হয়েছে— “যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়। ভারত ঐক্যবদ্ধ।”
বছর পার করে একদিকে যেমন পাকিস্তানকে পহেলগাঁও হামলার পরিণতি বুঝিয়ে দিল ভারত, অন্যদিকে অভিশপ্ত উপত্যকায় এদিন নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তাবাহিনী এবং পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভূস্বর্গের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক ব্যবসায়ীর তথ্য যাচাই করতে কিউআর কোড ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু হয়েছে। গাইড হোক বা ঘোড়াওয়ালা, কারও উপর আর অন্ধের মতো ভরসা করতে হবে না পর্যটকদের। মোবাইলে ব্যবসায়ীদের কাছে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পূর্ণ পরিচয় ও তথ্য। জঙ্গি হামলার আতঙ্ক কাটাতেই নতুন ব্যবস্থা।
২০২৫ সালে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। এই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ২৫ জন পর্যটক। একজন স্থানীয় ব্যবসায়ী টাট্টুঘোড়াওলা। এই হামলার জবাবে সিঁদুর অভিযানে চালায় ভারতীয় সেনা। পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরেই ভারত-পাক যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের একাধিক সামরিক বিরাট ক্ষতি হয়।