নরেন্দ্র মোদি জঙ্গি! এবার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ খাড়গের, তুঙ্গে বিতর্ক
প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে জঙ্গি! তিনি বিরোধীদের ভয় দেখান। তামিলনাড়ুতে ভোটপ্রচারে গিয়ে বেফাঁস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
এই মুহূর্তে ভোটপ্রচারে খাড়গে রয়েছেন তামিলনাড়ুতে। সেখানে এক সাংবাদিক সম্মলেন এআইএডিএমকে-বিজেপি জোট সম্পর্কে বলতে গিয়ে খাড়গে বলে বসেন, “এআইএডিএমকে মোদির সঙ্গে হাত মেলাল কী করে? মোদি তো জঙ্গি। ও কোনও সাম্যে বিশ্বাস করে না। ওঁর দলও সাম্য বা ন্যায় বিচারে ভরসা রাখে না। যারাই মোদির সঙ্গে হাত মেলাচ্ছে সবাই গণতন্ত্রকে দুর্বল করছে।”
প্রধানমন্ত্রীকে ‘জঙ্গি’ বলে আক্রমণ! ভারতীয় গণতন্ত্রে বেনজির। স্বাভাবিকভাবেই কংগ্রেস সভাপতিকে ভাষার শালীনতা মনে করাচ্ছে বিজেপি। যদিও পরে নিজের মন্তব্যের সাফাই দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জঙ্গি বলিনি কখনও। আমি শুধু বলেছি মোদি আমাদের ভয় দেখান। বিরোধীদের সবসময় হুমকি দেন। ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেন বিরোধীদের আতঙ্কিত করতে। আমি জঙ্গি বলিনি।” কিন্তু খাড়গের সেই সাফাইয়ে চিড়ে ভিজছে না।
বিহার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে নিয়ে অশালীন মন্তব্য করে বসেন জনাকয়েক কংগ্রেস কর্মী। কংগ্রেসের সভায় নেতাদের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে গালিগালাজ করা হয়েছিল। তারপর কী হয়েছে সবার জানা। প্রধানমন্ত্রী সেই যে সহমর্মিতার পাওয়া শুরু করলেন, কার্যত গোটা বিহার ভোটের আবহ বদলে যায়। এবার তামিলনাড়ু ও বাংলার ক্ষেত্রেও কী ভোটের হাওয়া বদলাবে? ওয়াকিবহাল মহলের মতে, সে সম্ভাবনা কম। কারণ তামিলনাড়ুর ভোট এবং বাংলার প্রথম দফার আগে সময় মাত্র ৪৮ ঘণ্টা। তাছাড়া এই দুই রাজ্যেই প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আর যা-ই হোক, বিহারের মতো উজ্জ্বল নয়।