• ভোটের দু'দিন আগে থেকে চালানো যাবেনা বাইক! নয়া ফতোয়া নির্বাচন কমিশনের
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদের দোকানের পর এবার নির্বাচন কমিশমনের টার্গেট বাইক চালকদের। পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের নির্বাচন শুরু হচ্ছে আগামী ২৩ তারিখ থেকে। আর তাকে সামনে রেখে রাজ্যে ফের আরো এক কঠোর নির্দেশিকা জারি করল মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর। ভোট পক্রিয়াকে সুষ্ঠু, স্বাভাবিক ও হিংসামুক্ত রাখতে এবার মোটরসাইকেল চলাচল ও বাইক র‌্যালির উপর একাধিক বিধিনিষেধ আরোপ করল সংশ্লিষ্ট দফতর। গতকাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দুই দিন আগে থেকেই এই নিয়ম লাগু হবে।

     বিজ্ঞপ্তিটিতে স্পষ্ট জানানো হয়েছে, ভোটের ২ দিন আগে থেকে এবং ভোটের দিনে এই নিয়ম মানতে হবে। ২ দিন আগে থেকে কোনও মোটরবাইক র‌্যালিও করা যাবেনা, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন বা পারিবারিক জরুরি পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে। এছাড়াও, ভোটের দুই দিন আগে থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলের পিছনে কোনো আরোহীকেও বসানো যাবেনা। তবে জরুরি প্রয়োজনে, যেমন চিকিৎসা পরিষেবা বা স্কুল পড়ুয়াদের আনা নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আর ভোটের দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে মোটরসাইকেলের পিছনে আরোহীকে বসানোর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে ভোটদানে যাওয়ার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। তবে জরুরি চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় কাজেও এই ছাড় প্রযোজ্য হবে। 

    নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেউ এই বিধিনিষেধ থেকে বিশেষ ছাড় চাইলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে তাঁকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের কথাও বলা হয়েছে।

    অপরদিকে, আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের যে ১৫২ কেন্দ্রে ভোট, সেখানে আজ ২১ তারিখ সন্ধে ছ’টা থেকে মদ বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ভোটদান শেষ হওয়ার স্বাভাবিক সময় সন্ধে ছ’টা। তার আগে থেকে ৪৮ ঘণ্টা। একইভাবে আগামী ২৯ এপ্রিল রাজ্যের বাকি ১৪২ টি কেন্দ্র সহ আশেপাশে এই নিয়ম কার্যকর হবে ২৭ এপ্রিল সন্ধে ছ’টা থেকে।
  • Link to this news (বর্তমান)