• পুরুলিয়ায় এসে আমিষ খাওয়া নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ হিমন্তের
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • কে কত আমিষ খেতে পারেন? তৃণমূলের থেকে বিজেপির কর্মীরা বেশি মাছ মাংস খেয়ে দেখিয়ে দেবে। পুরুলিয়ার নির্বাচনী জনসভা করতে এসে আমিষ খাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma)।

    মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরে বিজেপি (BJP) প্রার্থী জলধর মাহাতোর হয়ে জনসভা করেন তিনি। সেখানেই লক্ষীর ভাণ্ডার-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যাপক সমালোচনা করেন তিনি। তবে এ দিন লক্ষীর ভান্ডার নিয়ে বলতে গিয়ে দেবী লক্ষীকে হিন্দুদের দেবতা ‘বিষ্ণুর মাতা’ বলেন তিনি।

    এ দিন জনসভায় অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে ১৫০০ টাকা করে দেয় তৃণমূল সরকার। লক্ষ্মী মা কি এতই কঞ্জুস ! লক্ষ্মী মাকে বদনাম করা উচিত নয়। এ জন্য লক্ষীর ভাণ্ডার বন্ধ করুন এবং অন্নপূর্ণা ভাণ্ডার চালু করুন। অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে । লক্ষ্মী বিষ্ণুর মা।’ এই মন্তব্য করে পরে আবার শুধরেও নেন তিনি ।

    এই বিষয়টি নিয়ে এ দিন কটাক্ষ করা হয় তৃণমূলের (Trinamool Congress) থেকে। বলা হয়, হিন্দুত্ব নিয়ে রাজনীতি করলেও হিমন্ত হিন্দু দেবদেবীদের নিয়ে কিছু জানেন না।

    এরই সঙ্গে, আমিষ খাওয়া নিয়ে তৃণমূলের লাগাতার প্রচারের জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মমতা দিদিকে বললাম আমি আপনাকে আমার বাড়িতে ডাকবো। দু'জনে ভাত খাব এবং মাছ খাওয়ার প্রতিযোগিতা করব। মমতা দিদির থেকে আমি এক কেজি বেশি মাছ (Fish) খাব। বাংলার ১০০ লোক এবং অসমের বিজেপির ১০০ লোক নিয়ে মাছ-মাংস খাওয়ার প্রতিযোগিতা করব।’ অসমের বিজেপি কর্মীরা অন্তত ২ কেজি বেশি মাংস খাবে বলেও দাবি তাঁর।

    নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস কর্মীদের পেটানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ বলেও মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)