• ইডি তলব করল শান্তনু সিনহা বিশ্বাসকে
    আজকাল | ২২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বালি পাচার মামলায় এবার ইডি তলব করল শান্তনু সিনহা বিশ্বাসকে। এর আগে জমি দুর্নীতির তদন্তে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি। 

    ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার, প্রথম দফা ভোটের আগের দিন শান্তনুকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ওই মামলাতেই ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকেও তলব করা হয়েছে। 

    প্রসঙ্গত, বালি পাচার মামলার সম্প্রতি জেলায় জেলায় অভিযান চালিয়েছে ইডি। কিন্তু শান্তনু এবং সুনীলকে ঠিক কোন প্রেক্ষিতে এবং বালি পাচারের কোন মামলায় তলব করা হল, তা এখনও স্পষ্ট নয়।

    এটা ঘটনা, ইতিমধ্যে ভিন্ন মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে শান্তনু এবং তাঁর পরিবারের যোগসূত্রের দাবি তুলেছেন তদন্তকারীরা। ইডির দাবি রাজ্য এবং কলকাতা পুলিশের বিভিন্ন স্তরে নিবিড় যোগাযোগ ছিল ধৃত জয় কামদারের। তাঁদের মধ্যে অন্যতম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু। এদিকে, গত রবিবার ফার্ন রোডে শান্তনুর বাড়িতে ইডি হানা দিয়েছিল। এবার তাঁকে তলব করা হল সিজিও কমপ্লেক্সে। 

    প্রসঙ্গত, জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বেহালার বাড়ি থেকে ব্যবসায়ী জয় কামদারকে শুরুতে আটক করেছিল ইডি। তারপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। শেষে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জয় কামদার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন ইডি গোয়েন্দারা। তাতেই জয় কামদার জালিয়াতি ও প্রতারণার খোঁজ ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে বলে ইডি সূত্রে দাবি। যোগ মিলেছে সোনা পাপ্পুরর সঙ্গে কামদার ঘনিষ্ঠতারও। 

    ইডি সূত্রে জানা গিয়েছে, রবিবার জয় কামদার দু’‌টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন দু’‌টি ফরেন্সিকে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে ইডি গোয়েন্দারা। তাতেই মিলেছে, একাধিক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। গত কয়েকদিনে হোয়াটসঅ্যাপ বেশ কিছু ম্যাসেজ ডিলিট করা হয়েছে বলেও দাবি গোয়েন্দাদের। সেই সমস্ত তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে। একাধিক প্রভাবশালী ব্যক্তির তথ্য পেতেই ফরেন্সিকে পাঠানো হচ্ছে কামদার দু'টি ফোন। 



     
  • Link to this news (আজকাল)