আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিধানসভা ভোট শুরু হচ্ছে বৃহস্পতিবার। ওইদিন ১৫২ আসনে হবে ভোট। বাকি আসনের ভোট হবে আগামী ২৯ এপ্রিল। ফল প্রকাশ ৪ মে। এদিকে, দ্বিতীয় দফা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন। জানানো হয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে উত্তর ২৪ পরগনায়।
উত্তর ২৪ পরগনায় মোতায়েন থাকবে ৫০৭ কোম্পানি। প্রসঙ্গত, প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে।
এদিকে, দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেদিন উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ১১২ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ৬২ কোম্পানি বাহিনী। বসিরহাটে ১২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। বিধাননগরে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ব্যারাকপুরে থাকবে ১৬০ কোম্পানি।এছাড়া উল্লেখযোগ্য জায়গার মধ্যে ডায়মন্ড হারবারে থাকবে ১৩৫ কোম্পানি। হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে ১১০ কোম্পানি।
কলকাতায় বুথের সংখ্যা ৫,১৭২। সেখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এটা ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে জওয়ান থাকেন। অন্যদিকে, ভোট পরিস্থিতি দেখাতে আন্তর্জাতিক প্রতিনিধিদলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে নির্বাচন কমিশন। আগামী বুধবার প্রথম দফার ভোটের আগের দিন ওই দল রাজ্যে আসবে। বৃহস্পতিবার ভোট পরিচালনা খতিয়ে দেখবেন তাঁরা। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়া তামিলনাড়ুতেও ওই দলের যাওয়ার কথা।