• ভোটের প্রচারে রণক্ষেত্র দাঁতন
    আজকাল | ২২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়াল। মঙ্গলবার দুপুরে মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিত জানার মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে  দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন হরিপুর থেকে মিছিল শুরু করে মোহনপুরের দিকে যাচ্ছিলেন প্রার্থী অজিত জানা ও তাঁর সমর্থকেরা। অভিযোগ, আঁতলা এলাকায় পৌঁছতেই একদল দুষ্কৃতী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে রাস্তা আটকে দেয়। এরপর আচমকাই মিছিলের উপর হামলা চালানো হয় এবং শুরু হয় বেধড়ক মারধর।

    হামলায় বিজেপি প্রার্থী অজিত জানা নিজেও আহত হয়েছেন বলে দাবি দলের। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় একাধিক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।

    বিজেপির দাবি, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ওড়িশার বালাসোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। 

    অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, বিজেপির মিছিল থেকেই প্রথমে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য জোর করা হয়। এলাকার সাধারণ মানুষ এর প্রতিবাদ জানালে পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হয়।

    মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি তথা দাঁতন বিধানসভার প্রার্থী মানিক মাইতি বলেন," ইচ্ছে করেই উত্তেজনা ছড়িয়েছে বিজেপি ও তার প্রার্থী। প্রথমে এলাকার লোকজনকে মিছিল থেকে উত্তেজিত করা হয়। জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে প্রার্থী পৌঁছে নাটক করেন। শেষদিনের প্রচারে এসব না করলেই পারতেন।" তৃণমূলের আরও অভিযোগ নির্বাচন কমিশনের তরফ থেকে কোন অনুমতি ছিল না এদিনের বাইক মিছিলের।

    প্রচারের শেষ দিনে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গোটা মোহনপুর এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। ভোটের একদিন আগে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে।
  • Link to this news (আজকাল)