• বাংলায় ভয়মুক্ত ভোট চাইছেন রাজ্যপাল রবি, লোকভবনে চালু হল হেল্পলাইন নম্বর
    আজ তক | ২২ এপ্রিল ২০২৬
  • পয়লা বৈশাখের দিন সরাসরি পরিবর্তনের ডাক দিয়েছিলেন বাংলার রাজ্যপাল  আর এন রবি।  বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল৷ রাজভবনে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি রাজ্যের শিক্ষা, শিল্প এবং সামাজিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। এবার  অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হেল্পলাইন চালু করলেন তিনি।

    আগামী বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট। ভোটাররা যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তিতে এবং নিরুপদ্রবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে এবার হেল্পলাইন নম্বর চালু করলেন রাজ্যপাল।  অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত বিধানসভা নির্বাচনকে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ লোকভবন ২৪x৭ নাগরিক হেল্পলাইন চালু করেছে। হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯। মঙ্গলবার থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে লোকভবনের তরফে জানানো হয়েছে। 

    সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের আর্থিক অগ্রগতি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ২০১৪ সালে ভারত বিশ্বের একাদশতম অর্থনীতির দেশ ছিল, যা বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে। ভারতের এই দ্রুত বিকাশের উদাহরণ টেনে তিনি দাবি করেন যে, দেশ ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' হওয়ার সংকল্প নিয়েছে। তবে এরই সঙ্গে রাজ্যের তফশিলি সম্প্রদায়ের মানুষের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজও তাঁরা সিন্ডিকেট ও বাহুবলীদের শিকার হচ্ছেন এবং ভোটব্যাঙ্কের রাজনীতির আবর্তে পিছিয়ে পড়া সমাজ অবহেলিত থেকে যাচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও যুবসমাজের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন এই আইপিএস অফিসার। তিনি জানান, স্কুল ও কলেজের মানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের তুলনায় অনেকটাই নিচে অবস্থান করছে। রাজ্যে এক ধরণের 'নেতিবাচক' চিন্তাভাবনা কাজ করার ফলে শিল্প অন্য রাজ্যে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাংলার যুবকদের উদ্দেশে তাঁর আহ্বান, তাঁরা যেন ইতিবাচক হওয়ার সংকল্প করেন এবং রাজ্যের এই পরিবর্তনের অংশীদার হন। রাজ্যপালের মুখে বারবার 'পরিবর্তন' ও 'সংকল্প' শব্দ দুটি শোনা যাওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাজ্যের শাসকদলের মতে, রাজভবন থেকে এই ধরণের মন্তব্য আসলে কেন্দ্রের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডারই অংশ।

    রাজ্যপালের এই বিবৃতির তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না নিলেও 'লাটসাহেব' সম্বোধন করে তিনি কটাক্ষ করেন, রাজভবনের সবথেকে বড় বাড়িতে থেকে এখন প্রতিদিন হিংসা ও উস্কানিমূলক কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, নির্বাচনের এই সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা তাঁর সরকারের হাতে নেই, বরং তা নির্বাচন কমিশন ও ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ভোটকর্মীদের ভয় দেখানো বা বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগে নিজেদের ঘর সামলানো উচিত। 

    রাজ্যপালের সাম্প্রতিক কিছু  কথাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে।  এরআগে জগদীপ ধনখড় ও সি ভি আনন্দ বোসের সঙ্গে একাধিক বিষয়ে নবান্নের সংঘাত দেখা গিয়েছিল। এবার ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করে বঙ্গ রাজনীতিতে  নতুন জল্পনা উস্কে দিলেন রাজ্যপাল।
     
  • Link to this news (আজ তক)