আবাসনের ভিতর বুথ থাকলে ২ দিন আগে থেকে আত্মীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা, নির্দেশ EC-র
আজ তক | ২২ এপ্রিল ২০২৬
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যেসব বহুতল আবাসনে ৩০০-র বেশি ভোটার রয়েছে, সেখানে নিজস্ব বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ধরনের আবাসনে বুথ হলে আত্মীয় বা বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ে কিছু নিয়ম জারি করেছে কমিশন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকেই তাঁদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ভোটের দিন, যে আবাসনগুলিতে বুথ তৈরি হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। বাইরের মানুষজন, এমনকী ওই বুথের ভোটের নন এমন আত্মীয়দেরও বিনা প্রয়োজনে আবাসনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র ওই আবাসনের যে ভোটারদের নাম ওই বুথের তালিকায় রয়েছে, তাঁরাই ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে কড়া বিধি-নিষেধ জারি করেছে। যার মধ্যে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করাও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ফলত, ভোটের দিন সংশ্লিষ্ট আবাসনে যাদের নাম ভোটার তালিকায় আছে, শুধুমাত্র তারাই বুথে প্রবেশ করতে পারবেন। আবাসনের ভোটার নন এমন আত্মীয়, বন্ধু বা পরিচিতরা সংশ্লিষ্ট আবাসনের ভিতরে বা বুথ চত্বরে যেতে পারবেন না। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কমিশন কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখছে, যার ফলে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত হবে। মঙ্গলবার এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, যে আবাসনে বুথ হব, সেখানে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে আবাসনের বাসিন্দা নন এমন আত্মীয় পরিজনদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।