২৩ এপ্রিল নন্দীগ্রামে ভোট। হাতে আর ৪৮ ঘণ্টাও নেই। তার মধ্যেই সেখানকার পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন। সেখানে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে অখিলেশ সিংকে।
শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে পুলিশের পর্যবেক্ষক ছিলেন হিতেশ চৌধুরী। তাঁকে সরিয়ে হেড অফিসে পাঠানো হয়েছে। তবে কেন তা এখনও স্পষ্ট নয়। কমিশন জানিয়েছে অবিলম্বে নয়া নির্দেশ কার্যকর করতে হবে। দায়িত্ব বুঝিয়ে দিতে হবে অখিলেশ সিংকে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে রাজ্যের আইপিএস, ডিএম, বিডিও, এসডিও-দের একাধিকবার বদল করা হয়েছে। এর আগে নন্দীগ্রামের দুটি ব্লকের বিডিও বদল করা হয়েছিল। এবার সরানো হল পুলিশের পর্যবেক্ষকে।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই সেই কেন্দ্রে নজর থাকবে সব্বার। আবার এখানে শুভেন্দুর বিপক্ষে দাঁড়িয়েছেন পবিত্র কর। তিনি বিজেপি করতেন। শুভেন্দুর ছায়াসঙ্গীও ছিলেন। তবে মার্চ মাসের মাঝামাঝি সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তাঁকেই প্রার্থী করে ঘাসফুল শিবির।
গতবার এই নন্দীগ্রাম কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে তাঁকে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় না দাঁড়ালেও ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী।