• শেষদিনে প্রচারে বিজেপির বাইক র‍্যালিতে হামলা, আক্রান্ত প্রার্থী! উত্তেজনা দাঁতনে
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৬
  • প্রথম দফায় ভোটপ্রচারের (West Bengal Assembly Election) শেষদিনে প্রবল উত্তেজনা দেখা গেল দাঁতনে। বিজেপির মিছিলে চলল হামলা! ঘটনায় বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। জখম একাধিক। একজনের অবস্থা আশঙ্কা হওয়ায় তাঁকে ওড়িশার বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে।

    জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অজিতকুমার জানা। হরিপুর থেকে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ। আঁতলা এলাকায় র‍্যালি পৌঁছলেই দুষ্কৃতীরা হামলা করে! ধারাল অস্ত্র, লাঠি নিয়ে মিছিলের উপর হামলা চলে! বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুর করার পাশাপাশি কর্মী-সমর্থকদের বাইকেও হামলা চলে! বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়! তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ।

    শুধু তাই নয়, হামলায় বিজেপির প্রার্থী অজিতকুমার জানার একটি হাত ভেঙেছে বলে খবর। আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ওড়িশার বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে খবর। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির কর্মী-সমর্থকরা মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করেন। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে চলে বিক্ষোভ। তৃণমূল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। দীর্ঘ সময় অবরোধ, বিক্ষোভ চলার কারণে তীব্র যানজট দেখা যায়।

    ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
  • Link to this news (প্রতিদিন)