ভোটে কড়া নজরদারি কমিশনের, খালি শিলিগুড়ির শহরের সমস্ত হোটেল! নতুন অতিথিতেও নিষেধাজ্ঞা
প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৬
ভোট (Bengal Election 2026) অবাধ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আরও কড়া পদক্ষেপ। মঙ্গলবার সন্ধ্যা থেকে খালি করে দিতে হবে শিলিগুড়ি শহরের সমস্ত হোটেল। এদিন থেকে বৃহস্পতিবার ভোটের দিন পর্যন্ত নতুন অতিথিও উঠতে পারবেন না বলে নির্দেশ জারি করা হয়েছে। রাতে বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতে এদিনই লাগু হয়েছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাইকে ছুটোছুটি নিষেধের নির্দেশ। বৃহস্পতিবার ভোটের দিন পর্যন্ত ওই নির্দেশ বলবৎ থাকবে। এদিকে মঙ্গলবার থেকে তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি-দার্জিলিংয়ের প্রধান সংযোগ রাস্তা রোহিনী রোড।
একের পর এক নির্দেশ নির্বাচন কমিশনের। ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলার অ্যাসোসিয়েশন’ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থাকা হোটেলগুলোতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নতুন অতিথিদের চেক-ইন গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়। হোটেলে থাকা অতিথিদের মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হোটেল ছেড়ে চলে যেতে হবে। গ্রেটার শিলিগুড়ি হোটেলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্দীপ দাও জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের নির্দেশ হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোনও হোটেল মালিক অতিথিদের রাখতে অথবা নতুন চেক-ইন করার সুযোগ দেন তবে সেটা তারা নিজ দায়িত্বে করবেন। এই মুহূর্তে শহরে তেমন সংখ্যায় পর্যটক নেই। পাহাড়ে কিছু সংখ্যায় পর্যটক রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা কী করবে? সেই নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এদিনই সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ওই নির্দেশের জেরে সন্ধ্যার পর উত্তরের বিভিন্ন শহরের রাস্তা বাইক শূন্য হয়ে যায়। বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাইক চললেও আরোহী পিছনে কাউকে বসাতে পারবেন না। ভোট আবহে মঙ্গলবার থেকে তিনদিন বন্ধ হয়েছে ১১০ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাতায়াতের রোহিনী রোড। এদিন থেকেই সিভিক ভলান্টিয়ারদের রাস্তায় দেখা মেলেনি। নির্বাচন কমিশনের নির্দেশে তাদের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।