• রাজ্যে রেকর্ড সংখ্যক বুথের দায়িত্বে মহিলারাই, কারণ জানিয়েছে নির্বাচন কমিশন
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। প্রথম দফার ভোটেই নতুন বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে থাকা মোট ৫,৬৪৪টি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটগ্রহণকে আরও সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে তৈরি হচ্ছে ২২০টি মডেল পোলিং স্টেশনও।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে বীরভূম— উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, বিস্তৃত এলাকাজুড়ে এই উদ্যোগ কার্যকর করা হচ্ছে। এর মধ্যে মালদার ইংরেজবাজারে সর্বাধিক ১৬০টি মহিলা পরিচালিত বুথ, মুর্শিদাবাদের বহরমপুরে ১৫৬টি এবং পূর্ব মেদিনীপুরের তমলুকে ১৪০টি বুথ মহিলাদের দায়িত্বে থাকছে। রায়গঞ্জ, কোচবিহার দক্ষিণ, জলপাইগুড়ি কিংবা পুরুলিয়াতেও উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা বুথের ব্যবস্থা করা হয়েছে।

    শুধু তাই নয়, ভোটের অভিজ্ঞতা আরও উন্নত করতে তৈরি হচ্ছে ২২০টি মডেল পোলিং স্টেশন। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পানীয় জল, বসার ব্যবস্থা থেকে শুরু করে প্রতিবন্ধী ভোটারদের জন্য র‌্যাম্প ও হুইলচেয়ারের মতো সুযোগ-সুবিধা থাকছে এই বুথগুলিতে। পুরুলিয়ার বলরামপুরে সর্বাধিক ৬টি মডেল বুথ রাখা হয়েছে।

    প্রশাসনের দাবি, এই উদ্যোগের লক্ষ্য শুধুই সংখ্যা বাড়ানো নয়, বরং ভোটকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সকলের জন্য স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ বাড়াতেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন। ভোটের ময়দানে তাই এবার নারীশক্তির দৃশ্যমান উপস্থিতিই বড় বার্তা হয়ে উঠছে।

  • Link to this news (এই সময়)