• ‘গেট আউট, বেরিয়ে যান এখনই’, মহারাষ্ট্রের মন্ত্রীর দিকে আঙুল উঁচিয়ে চিৎকার মহিলার, ব্যাপারটা কী?
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রয়েছেন মহারাষ্ট্রের জলসম্পদমন্ত্রী গিরীশ মহাজন (Maharashtra's Water Resources Minister Girish Mahajan)। কিছু একটা বলার চেষ্টা করছেন তিনি। মিছিল থমকে রয়েছে। পিছনে বিশাল যানজট (Traffic Jam)। মন্ত্রীর সামনে দাঁড়িয়ে চোখ গোল গোল করে চিৎকার করছেন এক মহিলা, ‘বেরিয়ে যান এখান থেকে। দেখতে পাচ্ছেন না কত লোক আটকে পড়েছে।’ মঙ্গলবার মহারাষ্ট্রের ওরলির এই দৃশ্য দেখে চমকে গিয়েছে গোটা দেশ। ব্যাপারটা কী?

    লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। একজোট হয়ে রুখে দিয়েছে বিরোধীরা। এর প্রতিবাদে ওরলির জাম্ভোরি ময়দান থেকে মিছিল করেছিল বিজেপি। ঠিক ছিল ডোম পর্যন্ত মিছিল হবে। দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রীর আসতে দেরি হয়। মিছিল শুরু হয় বিকেলে। ওরলি এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা। তার উপরে বিকেলে স্কুল ছুটি হয়, অফিস ফেরত ভিড়ও থাকে। সব মিলিয়ে মুহূর্তে যানজট বেঁধে যায়।

    ঠিক ওই সময়েই সন্তানকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন এক মহিলা। মিছিলে আটকে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ গাড়িতেই বসেছিলেন। কিন্তু এক সময়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। গাড়ি থেকে নেমে সরাসরি মিছিলে ঢুকে পড়েন। সামনেই ছিলেন মন্ত্রী গিরীশ মহাজন। তাঁর উপরেই রাগে ফেটে পড়েন মহিলা। চিৎকার করে বলতে শুরু করেন, ‘গেট আউট। বেরিয়ে যান এখান থেকে। কেন সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছেন?’

    মহিলার রুদ্রমূর্তি দেখে ছুটে আসে পুলিশ। তাঁকে থামানোর চেষ্টা করেন। কিন্তু মহিলা নাছোড়। তিনি রীতিমতো তর্ক জুড়ে দেন। মন্ত্রী তখন মহিলা সংরক্ষণ নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। ফের চিৎকার করে ওঠেন মহিলা, ‘একদম বাজে কথা বলবেন না।’ পাশে একটি ফাঁকা মাঠ ছিল। সেদিকে আঙুল দেখিয়ে ওই মহিলা বলে ওঠেন, ‘ওখানে তো ফাঁকা জায়গা ছিল। তার পরেও রাস্তায় এসে মিছিল করছেন কেন? ওখানে যান।’

    শেষে মহিলাকে একপ্রকার টেনে সরিয়ে নিয়ে যান পুলিশ কর্মীরা। এতে আরও রেগে যান তিনি। পুলিশের উপরে ক্ষোভে ফেটে পড়েন। সাফ বলে দেন, ‘মুম্বই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে আনুন। না হলে এখান থেকে নড়ব না।’ শেষে কোনও রকমে তাঁকে শান্ত করে পুলিশ। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে মহিলার নাম-পরিচয় জানা যায়নি। নেটিজ়েনদের একাংশ তাঁর পাশে দাঁড়িয়ে বলছেন, ‘ঠিক করেছেন, এ ভাবে রাস্তা আটকে মিছিল করার কোনও মানে হয় না।’

  • Link to this news (এই সময়)