এপ্রিলের হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে সিকিমে (Sikkim) বেড়াতে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মন্দাকিনী জলপ্রপাতের (Mandakini Falls) কাছে ভারী তুষারপাত (Heavy Snowfall) হয়। আটকে পড়েন কয়েকশো পর্যটক এবং স্থানীয় বাসিন্দা। শেষ পর্যন্ত ত্রাতা হয়ে এগিয়ে এল ভারতীয় সেনা (Indian Army)।
সিকিম গেলে একবার মন্দাকিনী জলপ্রপাত অবশ্যই ঘুরতে যান পর্যটকরা। প্রাকৃতিক দৃশ্যই এখানকার মূল আকর্ষণ। এ দিনও বহু পর্যটক ভিড় জমিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা এবং সেনা সূত্রে জানা গিয়েছে, বিকেল থেকে ভারী তুষায়পাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বরফের সাদা চাদরে ঢেকে যায় চারপাশ।
অতিরিক্ত তুষারপাতের জেরে জওহরলাল নেহরু রোডের উপরেও বরফের পুরু আস্তরণ পড়ে যায়। আটকে পড়ে পর্যটকদের ৯০ থেকে ১০০টি গাড়ি। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। কয়েক জন স্থানীয় বয়স্ক মানুষও আটকে পড়েছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামে ভারতীয় সেনা। দ্রুত হাতে সড়ক পরিষ্কার করতে শুরু করেন তাঁরা। সেনার সঙ্গে হাত লাগান GREF এবং সিকিম পুলিশ। প্রায় ঘণ্টাখানেক ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ। শেষে সড়ক সাফ হয়। ফের স্বাভাবিক হয় যান চলাচল।
এ দিকে ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পর্যটকদের। তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেনা ও পুলিশের তৎপরতায় প্রায় ৯০ থেকে ১০০টি গাড়িকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।