এই সময়, নয়াদিল্লি: বাংলার বিধানসভা ভোট দেখতে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের বিদেশি ‘অতিথি’ বা ‘ডেলিগেট’রা৷ আজ বুধবারই রাজ্যে পৌঁছে যাবেন তাঁরা৷ বৃহস্পতিবার প্রথম দফার ভোট। ১৫২টি আসনের ভোট গ্রহণ হবে৷ এই পর্বে রাজ্যের বেশ কয়েকটি বাছাই করা আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া সরেজমিনে দেখবে এই অতিথিরা৷
জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত ‘আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি’ বা ‘আইইভিপি’ অনুযায়ী বিশ্বের ১৭টি দেশের ৩৪ জন ডেলিগেট পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা ভোট প্রক্রিয়া দেখতে যাবেন বলে জানিয়েছে কমিশন৷ আইইভিপি হলো জাতীয় নির্বাচন কমিশনের একটি ‘ফ্ল্যাগশিপ’ প্রোগ্রাম। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করে দেশের ভোট নিয়ামক সংস্থা ইসিআই৷
মঙ্গলবার দিল্লিতে ‘আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি’-র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কর্মসূচির প্রথম পর্যায়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডেলিগেটরা অসম, কেরালা এবং পুদুচেরির বিধানসভা ভোট দেখতে গিয়েছিলেন৷ মঙ্গলবার দিল্লিতে একটি কর্মশালায় এই বিদেশি ‘ডেলিগেট’-দের ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা৷ কীভাবে ভারতে ‘ইভিএম’ ব্যবহার করে ভোটগ্রহণ করা হয়, তাও হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় তাঁদের৷ এর পরেই ভিনদেশি অতিথিরা একটি ‘মক পোল’–এ অংশগ্রহণ করেন৷ পশ্চিমবঙ্গ এবং তামিলাড়ুতে ভোট দেখতে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ‘ডেলিগেট’-দের জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করেছে কমিশন৷