• আজ রাজ্যে ১৭টি দেশের প্রতিনিধি
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার বিদেশিদের কাছ থেকে সুষ্ঠু, অবাধ, কারচুপিহীন নির্বাচনের ‘শংসাপত্র’ নিতে চান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই লক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে ১৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে হল ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ‘মক পোল।’ একইভাবে আজ বুধবার বিদেশি প্রতিনিধিদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। আজ কলকাতায় গিয়ে ওই প্রতিনিধিরা চাক্ষুস করবেন যেখানে ইভিএম আছে। সেগুলি কীভাবে বিতরণ হচ্ছে ইত্যাদি। আগামী বৃহস্পতিবার ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটের দিন বেশ কয়েকটি বুথেও ওই প্রতিনিধিরা যাবেন। সেখানে তাঁরা পশ্চিমবঙ্গ ভোটের অভিজ্ঞতা চাক্ষুস করবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সুইৎজারল্যান্ড, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া, ভুটান, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপিন্স, ঘানা, পেরু, মরিশাস, নামিবিয়া, জর্জিয়ার মতো ১৭টি 

    দেশের ৩৪ জন প্রতিনিধিকে নিয়ে মঙ্গলবার দ্বারকায় কমিশনের 

    প্রতিষ্ঠান ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটপর্ব সম্পর্কে জানানো হয়েছে। জানিয়েছেন স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিজি রাকেশ কুমার ভার্মাও। ১৭টি দেশের ওই বিদেশি প্রতিনিধিদের দিয়ে ইভিএমে নকল ভোট করানো হয়েছে। তাঁদের থেকে মৌখিক শংসাপত্র নেওয়া হয়েছে যে, ইভিএম কতটা নিরাপদ। কোনো কারসাজি করা অসম্ভব। নকল ওই ভোট দিয়ে এবার বিদেশিরা যাচ্ছেন বাংলায়। যাবেন তামিলনাড়ুতেও। ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে ১৬ টি জেলায় ১৫২ কেন্দ্রে ভোট। তাই পশ্চিমবঙ্গে কেমন ভোট হয়, কমিশন কতটা সক্রিয়, সতর্ক, উদ্যোগী তা চাক্ষুস করাতে ওই জেলাগুলিতে বিদেশিদের পরিদর্শন করানো হবে। বুথের পাশাপাশি 

    তাঁদের নিয়ে যাওয়া হবে জেলা কন্ট্রোল রুম, মিডিয়া মনিটরিং সেন্টারেও। ভোট  নিয়ে পরবর্তীকালে ওই প্রতিনিধিরা রিপোর্ট তৈরি করবেন।   
  • Link to this news (বর্তমান)