• মোদি সন্ত্রাসবাদী’ বলেও ইউ-টার্ন, সাবধানী খাড়্গে , ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে, দাবি বিজেপির
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: ২০০৭ সাল। বিধানসভা নির্বাচনের আবহে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মউত কা সওদাগর’ বলেছিলেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারপর্বে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন রাহুল গান্ধী। দু’ক্ষেত্রেই অবশ্য কংগ্রেসের ভোটের ফলে তার বিরূপ প্রভাব পড়েছিল। আর এবার একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী মোদি’ বলে মন্তব্য করলেন মল্লিকার্জুন খাড়্গে। তবে অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে ইউ-টার্নও নিলেন কংগ্রেস সভাপতি। যদিও ভোট-বাজারে খাড়্গের এই মন্তব্য থেকে রাজনৈতিক মাইলেজ জোগাড়ে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।

    তামিলনাড়ু ভোটে বিজেপির সঙ্গে এআইএডিএমকের জোট গঠন নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন খাড়্গে। আর তা করতে গিয়েই মোদিকে নিশানা বানান কংগ্রেস সভাপতি। বলেন, ‘মোদি একজন সন্ত্রাসী। তাঁর দল সাম্য ও সুবিচারে বিশ্বাস করে না। এআইএডিএমকের নেতৃত্ব ওদের সঙ্গে যোগ দিচ্ছেন মানে গণতন্ত্রকে দুর্বল করছেন।’ ভোট-বাজারে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে সময় লাগেনি পোড় খাওয়া রাজনীতিকের। কালক্ষেপ না করে তাঁর ব্যাখ্যা, ‘আমি কখনওই তাঁকে (প্রধানমন্ত্রী মোদি) সন্ত্রাসবাদী বলিনি। আমি বলতে চেয়েছি, মোদি সর্বদাই হুমকি দেন। ইডি-আইটি-সিবিআই তাঁর হাতে। ডিলিমিটেশনের প্রক্রিয়াও তিনি হস্তগত করতে চান। সেই প্রেক্ষিতেই আমি বলেছি, জনগণ ও রাজনৈতিক দলগুলিকে মোদি সন্ত্রস্ত করছেন। 

    তবে খাড়্গের এই ব্যাখ্যা সত্ত্বেও ভোটের ময়দানে তাঁর মন্তব্যের রাজনৈতিক সুবিধা আদায়ে প্রচারে নেমে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেছেন, ‘কংগ্রেস হল শহুরে নকশালদের দল। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অপমানজনক শব্দের ব্যবহার করছেন খাড়্গে। এই প্রথম নয়, অতীতেও এমনটা ঘটেছে। প্রাণনাশের হুমকি সহ বারবার বিষাক্ত মন্তব্য ধেয়ে এসেছে। এটা থেকে একটা বিষয় স্পষ্ট, কংগ্রেস পার্টির রিমোট কন্ট্রোল রয়েছে দেশ বিরোধী শক্তির হাতে।’ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের তোপ, জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। এই মন্তব্যের জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।  মঙ্গলবার চেন্নাইয়ে ভোটপ্রচারে আক্রমণাত্মক মেজাজে খাড়্গে। -পিটিআই
  • Link to this news (বর্তমান)