• দায়িত্বে ১০ কর্মী, আজ থেকে ইংলিশবাজারে আশিসের ‘ওয়ার রুম’
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: দক্ষ সংগঠক যখন স্বয়ং প্রার্থী, তখন আর চিন্তা কি! নিজের নির্বাচনি কার্যালয়ে আজ, বুধবার থেকে একটি ‘ওয়ার রুম’ চালু করতে চলেছেন ইংলিশবাজার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুণ্ডু। ইংলিশবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনি কার্যালয়। এটাই তাঁর ব্যক্তিগত দলীয় অফিস। ভোটের একদিন আগে বুধবার সকাল থেকেই এই ওয়ার রুম খোলা থাকবে। যেখানে একসঙ্গে ১০ জন কর্মী সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনবরত নজরদারি চালাবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পুর ওয়ার্ডের বুথগুলিতে। 

    ইংলিশবাজার পুরসভার ২৯টি ওয়ার্ড এবং ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ইংলিশবাজার বিধানসভা কেন্দ্র। প্রত্যেকটি পুর ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত মিলিয়ে শহরে ও গ্রামাঞ্চলে মোট ৩৬ জন পয়েন্ট অফ কনটাক্ট (পিওসি) থাকবেন। যাঁদের কাজ হবে সংশ্লিষ্ট এলাকার বুথগুলির উপর নজরদারি। ওয়ার রুমে থাকা ১০ জন তৃণমূল কর্মী লাগাতার এই ৩৬ জন পয়েন্ট অফ কন্টাক্টের সঙ্গে সকাল থেকে নিয়মিত যোগাযোগ রাখবেন। ভোটদানে কোনো সমস্যা, ভোটারদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, কোথায় ইভিএম খারাপ হল, বুথ জ্যাম, ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল কি না, তার সবটাই এই ওয়ার রুম থেকে নজরদারি চালানো হবে। এমনকী কোনো ভোটার ভোট দিতে এসে বুথের বাইরে অসুস্থ হয়ে পড়লেও সেই খবর চলে আসবে আশিসের ওয়ার রুমে। 

    তৃণমূল প্রার্থী বলেন, সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য একজন করে মোট সাত কর্মী থাকবেন। যাঁরা ওই সাতটি গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট দলীয় কর্মীদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখবেন। এর পাশাপাশি ইংলিশবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের জন্য আরও ২৯ জন কর্মী থাকবেন। যাঁরা মূলত শহরাঞ্চলের বুথগুলির উপর নজরদারি চালাবেন। 

    এবারের ভোটে অক্সিলিয়ারি মিলিয়ে ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে বুথের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৬টি। ভোটের দিন সকাল থেকে সবকটি বুথে তৃণমূলের একজন করে পোলিং এজেন্ট থাকবেন। মাঝে তাঁদের বিশ্রাম দেওয়ার জন্য আরও দু’জন করে, অর্থাৎ মোট ৬১২ জন অতিরিক্ত পোলিং এজেন্ট থাকছেন। তাঁদের সঙ্গেও ওয়ার রুম থেকে যোগাযোগ রাখা হবে। 

    ভোটের দিন সকাল থেকে আশিস নিজে সমস্ত বুথ ঘুরে দেখবেন। তিনি নিজেও ওয়ার রুমের সঙ্গে লাগাতার যোগাযোগে থাকবেন। কোনো বুথে অপ্রীতিকর ঘটনা ঘটলে নিমেষে সেই খবর পৌঁছে যাবে ওয়ার রুমে। ঘটনাস্থলে ছুটে যাবেন প্রার্থী। 
  • Link to this news (বর্তমান)