• নিজের কোল্ড স্টোরেজেই আলু কেনেননি প্রচারে ‘কৃষক-দরদী’ বার্তা বিজেপি প্রার্থীর!
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • রাজদীপ গোস্বামী, গড়বেতা: আলুর দাম কেন পেলেন না চাষিরা, কেন আলু কিনল না রাজ্য সরকার। এই প্রশ্ন তুলে বাড়ি বাড়ি গিয়ে সরব হয়েছিলেন গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এতে তিনি বেশ সাড়াও পেয়েছেন। কিন্তু বিজেপি প্রার্থীর আলুর কোল্ড স্টোরেজ এক টাকারও আলু কেনেননি। তৃণমূলের এই অভিযোগ সামনে আনতেই বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এখন প্রশ্ন উঠছে, সরকারিভাবে অনুরোধের পরেও কেন বিজেপি প্রার্থীর কোল্ড স্টোরেজ আলু কেনেনি। তবে কি আলু নিয়ে রাজনীতির ময়দান গরম করতেই বিজেপি প্রার্থী কুম্ভীরাশ্রু বর্ষণ করেছেন।

    সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে মোট ১১টি কোল্ড স্টোরেজ থেকে এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার ৬১২ মেট্রিক টন আলু কেনা হয়েছে। চলতি বছরে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই দুশ্চিন্তায় পড়েন চাষিরা। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার প্রতি কুইন্টাল ৯৫০ টাকা দরে আলু কেনার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন কোল্ড স্টোরেজকে সহযোগিতার জন্য অনুরোধ জানায়। কিন্তু অভিযোগ, সেই অনুরোধে সাড়া দেয়নি বিজেপি প্রার্থীর কোল্ড স্টোরেজ। গড়বেতার রাজনৈতিক ইতিহাসও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করছে। একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল এই এলাকা। বাম আমলে এখান থেকেই নির্বাচনি কৌশল নির্ধারিত হতো। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালাবদলের পর ধীরে ধীরে এলাকা তৃণমূলের দখলে আসে। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইলেও গড়বেতায় বামেরা শক্ত অবস্থান ধরে রেখেছিল। তবে ২০১৬ সালে এই কেন্দ্র দখল করে তৃণমূল। পরবর্তী ২০২১ সালের নির্বাচনে সেই অবস্থান বজায় থাকে। এমনকী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণেও দেখা যায়, এই অঞ্চলে তৃণমূল প্রায় ২৩ হাজার ভোটে এগিয়ে ছিল।

    বর্তমানে সেই রাজনৈতিক জমিতেই ইস্যু না পেয়ে আলু চাষিদের সমস্যা নিয়ে নতুন করে ময়দান গরম করেছে বিজেপি। বিভিন্ন এলাকায় গিয়ে চাষিদের দুর্দশার কথা তুলে ধরছেন প্রার্থী প্রদীপ লোধা। প্রদীপ লোধা বলেন, আমার একটি কোল্ড স্টোরেজ আলু কিনেছে। সরকার চাষিদের পাশে নেই। যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, তা পূরণ করতে পারেনি প্রশাসন।

    অন্যদিকে, তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা সরাসরি পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, বিজেপি প্রার্থীর নিজের কোল্ড স্টোরেজই আলু কেনেনি। অথচ মানুষের সামনে গিয়ে বড় বড় কথা বলছেন। বিজেপি শুধু সমস্যা নিয়ে রাজনীতি করতে জানে, সমাধান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আলু চাষিদের পাশে আছেন এবং থাকবেন। গড়বেতার বাসিন্দা স্বপন জানা বলেন, বাম আমলে এই এলাকায় রাজনৈতিক সন্ত্রাস লেগেই থাকত। এখন পরিস্থিতি অনেক ভালো। আলুর সমস্যা দেশজুড়েই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সমস্যার সমাধান করবেন বলে আমরা আশাবাদী। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)