ভাতারে সিপিএমের হার্মাদরাই জার্সি বদলে বিজেপি, তোপ অভিষেকের
বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
সুখেন্দু পাল, ভাতার: ভাতারে সিপিএমের হার্মাদরাই জার্সি বদল করে বিজেপি করছে বলে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারের সমর্থনে তিনি সভা করতে আসেন। তীব্র গরম উপেক্ষা করে এদিন আলিনগরে তৃণমূলের সভায় ভিড় উপচে পড়েছিল। বক্তব্যের শুরু থেকেই তিনি সিপিএম এবং বিজেপিকে এক বন্ধনীতে এনে তুলোধনা করেন। বাম জমানায় সিপিএমের অত্যাচারের কাহিনী তুলে ধরেন। পঞ্চায়েত নির্বাচন থেকে স্কুলের পরিচালন কমিটির ভোটে সিপিএম কীভাবে বোমা বন্দুকের রাজনীতি করত, সেটাও তিনি তুলে ধরেছিলেন। বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, শান্তনু কোঁয়ার ভোটে জিতলে ভাতারের উন্নয়ন থেমে থাকবে না। সরাসরি তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভাতারে বিজেপি বলে কিছু নেই। সিপিএমের হার্মাদরাই জার্সি বদল করে বিজেপি করছে। আপনারা সিপিএমের জমানায় অত্যাচারের কথা নিশ্চয়ই ভুলে যাননি। পঞ্চায়েত নির্বাচনে বোমা মেরে আমাদের এক কর্মীকে হার্মাদরা খুন করেছিল। ২০১০ সালে স্কুল পরিচালন কমিটির নির্বাচনে মানগোবিন্দ অধিকারীকে লক্ষ্য করে হার্মাদরা গুলি চালিয়েছিল। তাঁর মাথায় গুলি লাগে। তিনি কোনোরকমে প্রাণে বেঁচে যান। আপনারা নিশ্চয় সিপিএমের সেই অত্যাচার ফিরিয়ে আনতে চান না। বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএমকেই সমর্থন করা। আবার খুনের রাজনীতি ফিরিয়ে আনা। ওরা জিতলে আবার অনুন্নয়নের দিন ফিরে আসবে। সিপিএম এলাকায় উন্নয়ন করেনি। তারা শুধু সন্ত্রাসের রাজনীতি করেছে।
এদিন তৃণমূলের সভায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী, ভাতারের ব্লক সভাপতি বাসুদেব যশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল বিজেপিকে আক্রমণ করেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ভাতারে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখানকার কিষান মান্ডি চাষিরা ব্যবহার করেন। আইটিআই কলেজ হয়েছে। একাধিক সেতু নির্মাণ হয়েছে। ভাতার বাজারে পথবাতি বসেছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে। সিপিএম হিংসার রাজনীতি করত। তারা উন্নয়ন করেনি। এখন সেই সিপিএমই বিজেপির হয়ে কাজ করছে। বিজেপিকে সমর্থন মানে সিপিএমের হাত শক্তিশালী করা। এখানকার বিজেপি প্রার্থীও কয়েক দিন আগে সিপিএম করতেন। এদের কোনো আদর্শ নেই। রাজনৈতিক মহলের মতে, ভাতারে সংখ্যালঘু ভোট টার্গেট করেছে বামেরা। তারা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রচার করছে। তাই ভোট কেটে তারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন।
যদিও সিপিএম সেই দাবি মানতে নারাজ। সিপিএম নেতা নজরুল হক বলেন, মানুষ ভালভাবে জানে কাদের সঙ্গে কার সেটিং রয়েছে। তৃণমূলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এসব কথায় বলে তৃণমূল হাসির খোরাক হচ্ছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফাকে ফোন করা হলেও তিনি তা তোলেননি।