• ‘জিতুন যোগ্য প্রার্থী’, স্লোগান দিয়ে প্রচারে, স্বাধীনতা সংগ্রামীর নাতি কংগ্রেসের প্রার্থী আশিস
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: স্বাধীনতা সংগ্রামী ছিলেন দাদু ব্রজেন্দ্রকুমার দাস। তাঁর নাতি আশিসকুমার মণ্ডল এবার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী। আশিসবাবুর আর এক দাদু হরিসাধন মণ্ডল একদা পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস দলের হয়ে ভোটে লড়েছিলেন। গান্ধীবাদী আদর্শে বিশ্বাসী আশিসবাবু। রায়দিঘি বিধানসভা কেন্দ্রে যোগ্য প্রার্থীকে মানুষ এবার ভোট দিক, এই আর্জি নিয়ে তিনি জোরকদমে নেমেছেন প্রচারে।

    রায়দিঘির খাঁড়াপাড়ার বাসিন্দা আশিসবাবু। দাদু ব্রজেন্দ্রকুমার দাস ডায়মন্ডহারবার হাই স্কুলের শিক্ষক ছিলেন। স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে নেমে কারাবরণও করতে হয়েছিল ব্রজেন্দ্রবাবুকে। আশিসবাবু বলেন, ৫০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আমি। আমার আর এক দাদু হরিসাধন মণ্ডল আগে ভোটযুদ্ধে লড়েছিলেন। এই পরিবারের ছেলে হয়ে ভোটে নেমে গর্বিত বোধ করি। কংগ্রেসের এক সময়ের বিধায়ক সত্যরঞ্জন বাপুলির সহযোদ্ধা ছিলাম আমি।

    প্রথমবার ভোট যুদ্ধে নেমে খুশি এলআইসির অবসরপ্রাপ্ত কর্মী আশিসবাবু। প্রচারে জনস্রোত না নামলেও জনাকয়েক কর্মী নিয়ে সকাল থেকে এ গ্রাম থেকে ও গ্রাম চষে বেড়াচ্ছেন। আশিসবাবু বলেন, কর্মীরা পাশেই আছেন। তবে পথে নামতে ভয় পাচ্ছেন এই পরিবেশে। আশিসবাবু যেমন ভূমিপুত্র, তেমনই বিপক্ষে তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রার্থীও ভূমিপুত্র। কংগ্রেস প্রার্থী তাই বলেন, ভোটের লড়াইয়ে সবাই আমরা এলাকার ছেলে। কেউ বহিরাগত নন। কে জিতবে, কে হারবে না ভেবে যার জেতা উচিত, যে যোগ্য, মানুষ তাঁকেই ভোট দিক। এতে অনেক কিছুই পাল্টে যাবে। এটাই আমার স্লোগান। প্রচারে এটাই বলছি মানুষের কাছে। ১৭টি পঞ্চায়েত এলাকার মানুষ এবার পরিবর্তন চাইছে।
  • Link to this news (বর্তমান)