• গোপনীয়তা ভঙ্গের অভিযোগ, এবার প্রধান শিক্ষককে বদলি কমিশনের
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। ভোটের কাজে অনিয়মের অভিযোগে বারাকপুরের শিউলি হাই স্কুলের প্রধান শিক্ষককে বদলি করা হল বসিরহাট হাই স্কুলে। কমিশনের নির্দেশ অনুসারে উত্তর ২৪ পরগনা জেলা স্কুল পরিদর্শক বিজ্ঞপ্তি জারি করে সৈয়দ ইকবাল মুস্তাক নামে ওই প্রধান শিক্ষককে বদলি করেছেন।

    অভিযোগ, ভেন্যু কো-অর্ডিনেটর হিসাবে নিযুক্ত বারাকপুরের শিউলি হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল মুস্তাক ১৯ ও ২০ এপ্রিল তাঁর স্কুলে ভোটকর্মীদের ভোটদানের গোপনীয়তা ভঙ্গ করেছেন। তিনি ভোটকর্মীদের পোস্টাল ব্যালটের উপর সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছিলেন। এই অভিযোগ খতিয়ে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কমিশন। ওই প্রধান শিক্ষককে আপাতত ৬ মে পর্যন্ত বসিরহাট হাইস্কুলে বদলি করা হয়েছে। যদিও তাঁর দাবি, কেন তাঁকে বদলি করা হল সেটা তিনি কিছুই জানেন না।

    বিজেপির দাবি, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল। গত মার্চে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তিনি একসঙ্গে বসেছিলেন বলে দাবি তুলেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিউলি হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি দাবি করেছেন, রাস্তায় দেখা হয়েছিল তৃণমূল প্রার্থীর সঙ্গে। সৌজন্য সাক্ষাৎ কি অন্যায়? এদিকে, ভোটের মাত্র কয়েকদিন আগে এই বদলির ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভোটকর্মীদের মধ্যে।
  • Link to this news (বর্তমান)