• মুখ্যমন্ত্রীর প্রকল্পের জোরেই জিতবে তৃণমূল, বলছেন স্থানীয় বাসিন্দারাই
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • সুজয় মণ্ডল, বসিরহাট: বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে এবার মূল লড়াই তৃণমূল বনাম আইএসএফের। এলাকার বাসিন্দারাই বলছেন, বিজেপি এবং কংগ্রেস প্রার্থী দিলেও তাঁরা বিশেষ লড়াই দিতে পারবেন বলে মনে হয় না। এখনও পর্যন্ত এই লড়াইয়ের যা গতিপ্রকৃতি, তাতে ‘অ্যাডভান্টেজ তৃণমূল’ বলাটা অনুচিত হবে না। আর তৃণমূলের এই সুবিধাজনক অবস্থানের ভিত্তি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প। দিদির ওই প্রকল্পগুলির জোরেই জিতে যাবে তৃণমূল।

    এক সময়ে কেন্দ্রটি বামেদের শক্ত ঘাঁটি ছিল। ২০১১ সালে সারা রাজ্যে পরিবর্তন হলেও এখান থেকে জিতেছিলেন সিপিএমের মোস্তফা বিন কাসেম। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে এই আসন থেকে তৃণমূলের প্রতীকে জিতে যান এটিএম আব্দুল্লাহ। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জেতেন রফিকুল ইসলাম মণ্ডল। তবে ২০১৬ সালে তিনি জিতেছিলেন সিপিএমের প্রতীকে। এরপর তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০২১ সালে জোড়াফুল প্রতীকে জয়লাভ করেন। 

    এখানকার মোট ভোটারের প্রায় ৬২ শতাংশ সংখ্যালঘু। এই বিধানসভা নির্বাচনে তৃণমূল ভরসা রেখেছে তৌসিফুর রহমান-এর উপর। অন্যদিকে বামফ্রন্টের সমর্থনে আইএসএফ প্রার্থী করেছে মুসা করিমুল্লাহকে। জাতীয় কংগ্রেস প্রাক্তন সেনাকর্মী মুসা হক মণ্ডলকে প্রার্থী করেছে এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কৌশিক সিদ্ধার্থকে। যদিও শেষ দুই প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ এলাকার অনেক ভোটারই। তাঁরা বলেন, বিজেপি ও কংগ্রেস এখানে গুরুত্বহীন। মূল লড়াই হবে তৃণমূলের সঙ্গে আইএসএফের। 

    স্থানীয় শিক্ষক নাজেশ আফরোজ মোল্লা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের জন্যই এখানে তৌসিফুর রহমান বিপুল ভোটে জিতবেন। তাছাড়া উচ্চশিক্ষিত এই তৃণমূল প্রার্থী খুব কম সময়েই এখানকার বাসিন্দাদের মন জয় করে নিয়েছেন। তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান নিজে বলেন, আমাদের সরকার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য নানা প্রকল্প এনেছে। সেগুলির জন্যই তৃণমূলের উপর ভরসা আছে সাধারণ মানুষের। তবে এলাকার বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কি না, এলাকায় ঘুরে তাদের সঙ্গে কথা বলে সেটাই জানার চেষ্টা করছি। আর যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের এত সাড়া পাচ্ছি যে, ভোটের আগেই বলে দেওয়া যায়, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতবে তৃণমূল।

    অন্যদিকে, আইএসএফের প্রার্থী মুসা করিমুল্লাহও জোর প্রচার করছেন। প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় পৌঁছে যাচ্ছেন। তিনি বলেন, তৃণমূলের স্লোগান জয় বাংলা, অথচ এখানে প্রার্থী করা হয়েছে উত্তরপ্রদেশের একজন মানুষকে। বসিরহাট উত্তরের ভোটাররা এবার আইএসএফ-এর উপর ভরসা রাখবেন বলে আমরা আশাবাদী।
  • Link to this news (বর্তমান)