নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকার নানা উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরার হয়েছে দেওয়াল লিখনে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার‑এর মতো প্রকল্পকেও ভোটপ্রচারে ব্যবহার করছেন কাশীপুর‑বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। এখানকার অলিতে‑গলিতে তৃণমূল কর্মীরা তুলে ধরছেন লক্ষ্ণী ভাণ্ডার, যুবসাথীর মতো নানা সরকারি প্রকল্পের কথা। কাশীপুর, বিবিবাজার, রতনবাবু রোড, রুস্তমজি ফার্সি রোড, ঝিল রোড, খগেন চ্যাটার্জি রোড, চন্দ্রকুমার রায় লেন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল, তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা অধিকাংশ দেওয়ালেই স্থান পেয়েছে লক্ষ্ণীর ভাণ্ডারের কথা। বিবিবাজারের কাছে একটি দেওয়ালে লেখা হয়েছে, ‘মমতা দিদির হাত ধরে/লক্ষ্মী এলো ঘরে ঘরে।’ আবার একটি দেওয়ালে আঁকা হয়েছে বিশাল মাপের একটি লক্ষ্মী ভাণ্ডার। তার তলায় বড় হরফে লেখা‑১৫০০ টাকা।
ওই এলাকার বাসিন্দাদের নানা বক্তব্যেও উঠে এসেছে লক্ষ্ণীর ভাণ্ডারের কথা। তাঁদের বক্তব্য, এই প্রকল্পের টাকায় তাঁরা উপকৃত হচ্ছেন। ওই এলাকার এক গৃহবধূ মীরা সাউ বলেন, ওই টাকা তাঁদের ছেলে‑মেয়ের পড়াশোনায় বেশ কিছুটা কাজে লাগে। রতনবাবু রোডের বাসিন্দা তুষার দে বলেন, গত কয়েক বছরে এই এলাকায় অনেক উন্নয়ন ঘটেছে। রাস্তা‑ঘাট, পানীয় জল, আলো সমস্ত কিছুই উন্নত হয়েছে। তিনি বলেন, এই সরকার যে একের পর নানা সরকারি প্রকল্পকে মানুষের দরজায় দরজায় নিয়ে গিয়েছে, তা কীভাবে অস্বীকার করব?
তুষারবাবুর স্ত্রী গোধূলি দে বলেন, লক্ষ্ণীর ভাণ্ডার এককথায় সাড়া জাগানো সরকারি প্রকল্প। তাঁর কথায়, এই এলাকায় গঙ্গার ঘাট, বিভিন্ন ইতিহাস প্রসিদ্ধ স্থান সহ এলাকার বিভিন্ন স্থান সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায়। ঝিল রোডের কয়েকজন যুবক বলেন, গত দশ বছরে এই এলাকায় সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন পার্ককে। সাজিয়ে তোলা হয়েছে গঙ্গার আশপাশ চত্বরকেও।
যদিও এই বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজেন্দ্র গুপ্তা তাঁর প্রচারে তৃণমূলের নানা ব্যর্থতার কথা তুলে ধরছেন। আর কাশীপুর‑বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির দাবি, এবার তিনিই এই কেন্দ্র থেকে ভোটে জিতবেন। অন্যদিকে, এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী‑সমর্থকদের একাংশের বক্তব্য, কাজের নিরিখে এ কথা স্পষ্ট করে বলতে পারি, মানুষ আমাদের পাশেই আছে। তাই জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।