• মামলার ‘সেঞ্চুরি’র দিকে আরও এক কদম এগলেন বন্দরের বিজেপি প্রার্থী!
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কোর ছিল ৯১! আরও ১ বাড়ল! অর্থাৎ, সেঞ্চুরির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া! না, এটা কোনো আইপিএল ম্যাচের স্কোরবোর্ড নয়! কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলার স্কোর-কার্ড। সোমবার রাতে একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখানোর নামে তাণ্ডব, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর আক্রমণ ও থানার ওসির সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আরও একটি মামলা যুক্ত হল রাকেশ সিংয়ের নামে। মামলার সংখ্যায় ‘উন্নতি’ হলেও একবালপুরের ঘটনায় বন্দরে বিজেপির ‘অবনতি’ হল বলে কটাক্ষ করছে তৃণমূল।

    সোমবার রাতে মোমিনপুরের হোসেন শাহ পার্কে বিজেপি প্রার্থীর একটি পথসভা চলছিল। অভিযোগ, পথসভা চলাকালীন তৃণমূল সমর্থকরা বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন। তা নিয়ে বচসার সূত্রপাত। সেই বচসা গড়ায় থানা পর্যন্ত। থানার সামনে রাকেশের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী, সমর্থকরা। সেখান থেকে বেশ কিছুটা দূরে জড়ো হন তৃণমূলের কর্মীরাও। বিক্ষোভ সরাতে যায় পুলিশ। ঘটনাস্থলে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীও। বিক্ষোভ সরানোর চেষ্টা করা মাত্র পুলিশের উপর চড়াও হয় বিজেপি কর্মী-সমর্থকরা। ভাঙচুর চালানো হয় থানার সামনে। ওসি বিক্ষোভকারীদের শান্ত করার জন্য গেলে তাঁর উপরও হামলা চলে বলে অভিযোগ। তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়। 

    এরপর লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। ধরপাকড় শুরু করে পুলিশ। পোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই বলেন, ‘এই ঘটনায় মোট তিনটি মামলা রুজু হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ বিজেপির। তার ভিত্তিতে ৪ জন তৃণমূল কর্মী, সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুটি অভিযোগের 

    একটি কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত। তাতেই রাকেশ সিংকে মূল অভিযুক্ত হিসাবে দেখিয়ে এফআইআর করা হয়েছে। অন্যটি স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে থানায় জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের পরিপ্রক্ষিতে পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে একবালপুর থানা।’ উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাকেশ সিং জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে ৯০টি ক্রিমিনাল কেস ঝুলছে। আরও একটিতে তিনি সাজাপ্রাপ্ত। অন্যদিকে, এদিন সকালে একবালপুরের একটি হাসপাতালে আহত ওসি-কে দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা।
  • Link to this news (বর্তমান)