• তৃণমূল কর্মীদের উপর বিজেপির হামলা, উত্তপ্ত বনগাঁর গোপালনগর
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ দক্ষিণ বিধানসভার গোপালনগর। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার রাতে গোপালনগর চৈতিপাড়া এলাকায় তৃণমূলের তফসিলি সংলাপের গাড়িতে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, ভাঙচুর চালানো হয়। গাড়িতে থাকা তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে তাঁরা।

    তৃণমূলের দাবি, এদিন রাত সাড়ে বারোটা নাগাদ নির্বাচনি প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কয়েকজন কর্মী। দলের তফসিলি সংলাপের গাড়িতে ফিরছিলেন তাঁরা। গাড়িতে ছিলেন স্থানীয় ফুলসরা পঞ্চায়েতের এসসি, এসটি সেলের সভাপতি সহ কয়েকজন তৃণমূল কর্মী। গোপালনগর থানার চৈতিপাড়া এলাকায় তাঁদের পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নেতৃত্বে দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে। মারধর করা হয়। বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে। এক কর্মীর গলায় থাকা সোনার চেন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সামনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের। তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। তিনজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এবিষয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য বলেন, আমাদের কর্মীরা প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী দলবল নিয়ে আমাদের গাড়ি আটকে হামলা চালায়। গাড়ি লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায়। মারধর করে আমাদের কর্মীদের।

    যদিও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, চৈতিপাড়া এলাকা দিয়ে প্রচার সেরে ফেরার সময় তৃণমূলের গুন্ডারা মদ্যপ অবস্থায় আমাদের উপর হামলা চালায়। প্রাণে মারার চেষ্টা করে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)