নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার ভোটের মুখে হাবড়া কেন্দ্রে তৃণমূলের ব্যানারে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে চোখ জুড়ে স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার বিষয়টি নজরে আসার পরেই সেই ছবিতে গঙ্গাজল ঢেলে শুদ্ধিকরণ করেছে তৃণমূলের মহিলা ব্রিগেড। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে আমডাঙায় বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার।
হাবড়া জুড়ে এখন জোরকদমে চলছে প্রচার। তৃণমূল ও বিজেপি প্রচারে ঝড় তুলেছে। দলীয় ঝান্ডা, ব্যানার, ফ্লেক্স দিয়ে প্রচার করা হয়েছে। এদিন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে জনসভা ছিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তার আগে হাবড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢিলপাড় এলাকায় তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল। বেশ কিছু ব্যানার ও ফ্লেক্সে ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এদিন সকালে তৃণমূলের মহিলা কর্মীরা দেখেন, মমতা ও অভিষেকের ছবিতে চোখজুড়ে বিজেপির ‘ভরসা’ স্টিকার সাঁটা। এর জেরে ক্ষুব্ধ হয়ে পড়ে তৃণমূলের মহিলা ব্রিগেড। তাঁরা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়ে ওই ছবি শুদ্ধিকরণের সিদ্ধান্ত নেন। মহিলারাই গঙ্গাজল ঢেলে দলনেত্রী এবং অভিষেকের ছবি শুদ্ধ করেন। ছিঁড়ে দেওয়া হয় স্টিকার।
তৃণমূল কর্মী দীপালি ঘোষ বলেন, সোমবার এলাকার কর্মীরা ফ্লেক্স টাঙিয়েছিলেন। রাতের অন্ধকারে নেতা-নেত্রীর ছবিতে ‘ভরসা’ স্টিকার লাগিয়ে দিয়েছে বিজেপির কর্মীরা। ওরা বালুদার মিছিল, সভায় ভিড় দেখে পরাজয় নিশ্চিত বুঝেই এসব করেছে। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। এনিয়ে হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। অযথা আমাদের নাম জড়ানো হচ্ছে।
এদিকে, সোমবার রাতে আমডাঙার আদহাটা পঞ্চায়েতের জয়পুল এলাকায় বিজেপির ব্যানার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেই শুরু হয় তুমুল বচসা। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের প্রার্থী অরিন্দম দে’র ব্যানারে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি নেতা অজিতাভ মাইতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিসকে বলা হয়েছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে। না হলে আগামী দিনে ব্যবস্থা হবে। পালটা তৃণমূল নেতা মোস্তাক আহমেদ বলেন, এটা বিজেপির ঘরোয়া দ্বন্দ্ব। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি এটা নয়। তৃণমূলের ব্যানারে বিজেপির পোস্টার।-নিজস্ব চিত্র